রোনালদো কি আসলেই সর্বোচ্চ গোলদাতা?
নতুন বছরে নিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই একটা প্রশ্ন উসকে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলে অফিশিয়াল ম্যাচের ইতিহাসে কে সর্বোচ্চ গোলদাতা?
সিরি আ তে কাল রাতে উদিনেসেকে ৪-১ গোলে হারায় জুভেন্টাস। জোড়া গোল করেন পর্তুগিজ তারকা। কিছু পরিসংখ্যান ও হিসাবমতে, রোনালদো এখন অফিশিয়াল ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।
যদিও এ নিয়ে প্রশ্ন থেকেই যায়। কারণ, কিছু খেলোয়াড়ের সংখ্যাগুলো এমন সময়ের, যখন আনুষ্ঠানিকভাবে তথ্য-উপাত্ত রাখার প্রচলন প্রায় ছিল-ই না। সরাসরি সম্প্রচারিত ম্যাচের সংখ্যা ছিল খুব কম। তাই অফিশিয়াল ম্যাচের সর্বোচ্চ গোলদাতা নিয়ে বিতর্ক থামার কোনো কারণ নেই।
যেমন ধরুন, রেকর্ড ডট স্পোর্ট ডট সকার স্যাটিসটিকস ফাউন্ডেশনের (আরএসএসএসএফ) মতে, জোসেফ বাইকান অফিশিয়াল ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (৮০৫)। কিন্তু অন্যান্য পরিসংখ্যানে এই তথ্যের পক্ষে কিংবা এর আনুষ্ঠানিক স্বীকৃতি নেই। ব্রাজিলের স্বনামধন্য ‘প্লাকার’ সাময়িকীর মতে, অস্ট্রিয়া ও চেক প্রজাতন্ত্রের সাবেক এ স্ট্রাইকারের গোলসংখ্যা ৬৩৬। অনেকের মতে, আবার বাইকানের গোলসংখ্যা ৭৫৯।
প্রশ্ন আছে, পেলের হাজার গোলের রেকর্ড নিয়েও। ফুটবল পরিসংখ্যানে ‘রেফারেন্স’ গণ্য হওয়া ‘ফুতদাদোস’ ওয়েবসাইট ও আরএসএসএসএফের মতে, অফিশিয়াল ম্যাচে পেলের গোলসংখ্যা ৭৬৭। যদিও লিওনেল মেসি কিছুদিন আগে পেলেকে পেছনে ফেলে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার পর প্রতিবাদ জানিয়েছিল সান্তোস। তাদের সাবেক খেলোয়াড়ের রেকর্ডটি নাকি মেসি ভাঙতে পারেননি! পেলের গোলের রেকর্ড অফিশিয়ালি ৬৪৩ হলেও সান্তোসের দাবি সংখ্যাটা আসলে ১০৯১। কারণ, তখন স্বীকৃত ও প্রীতি ম্যাচে নাকি কোনো পার্থক্য দেখা হতো না।
সে যা–ই হোক, লাতিন সংবাদকর্মী রদলফো রদ্রিগেজের মতে, অফিশিয়াল ম্যাচে পেলের গোলসংখ্যা ৭৬২। কিন্তু ২০১৯ সালের এপ্রিলে প্লাকারের প্রকাশিত সংখ্যায় পেলের গোলসংখ্যা ৭৫৭ বলা হয়েছিল। সান্তোসের হয়ে ৬৪৩, ব্রাজিলের হয়ে ৭৭ ও কসমসের হয়ে ৩৭ গোল।
এই হিসাবে অফিশিয়াল ম্যাচের ইতিহাসে রোনালদো এখন সর্বোচ্চ গোলদাতা। কাল ৭৫৮তম গোল পেয়ে যান জুভেন্টাসের এই পর্তুগিজ তারকা। গ্যারি লিনেকারের টুইট, ‘৭৫৮তম গোল করে পেলের সর্বোচ্চ ক্যারিয়ার গোলের রেকর্ড ভাঙলেন ক্রিস্টিয়ানো রোনালদো। অর্থাৎ ১৮ বছর ধরে প্রতি মৌসুমে প্রায় ৪২ গোল, মাথা ঘুরিয়ে দেয়!’