রোনালদো কি রিয়াল মাদ্রিদ ছাড়ছেন?

২০২৬ সাল পর্যন্ত থাকতে চান রিয়াল মাদ্রিদে। এমন আশার কথাই শুনিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩১ বছর বয়সে রিয়ালের সঙ্গে নতুন চুক্তি করতে গিয়ে জানিয়েছিলেন, পাঁচ নয়, আরও দশ বছর খেলতে চান বার্নাব্যুতে। কিন্তু সে ঘোষণার এক বছরের মাথায় বিদায় নিতে চাইছেন পর্তুগিজ অধিনায়ক। কর ফাঁকির মামলা নিয়ে স্প্যানিশ কর্তৃপক্ষের বাড়াবাড়ি এবং এ ঘটনায় ক্লাবের পক্ষ থেকে কোনো সমর্থন না পাওয়াতেই নাকি এমন সিদ্ধান্ত রোনালদোর!
রোনালদোর বিরুদ্ধে ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ উঠেছে। রোনালদোর আইনজীবীরা সরাসরি অস্বীকার করেছেন এ অভিযোগ। তবে রিয়াল এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা থেকে বিরত। কারণ, মেসির বিরুদ্ধে ওঠা অভিযোগের সময় বার্সেলোনা সমর্থন জানিয়েছিল। তখন উল্টো সমর্থকেরা ধুয়ে দিয়েছিল ক্লাবকে। কারণ, কর ফাঁকির মতো অভিযোগে ক্লাবের খেলোয়াড়ের পক্ষে যাওয়া মানায় না। রিয়াল হয়তো এটা ভেবেই সাবধানী পদক্ষেপ নিচ্ছিল। আর এটাই খেপিয়েছে রোনালদোকে।
পর্তুগিজ পত্রিকা ‘এ বোলা’ জানিয়েছিল এ খবর। পরে স্প্যানিশ রেডিও মার্কায় রোনালদোর খুব কাছের এক সাংবাদিক নুনো লুজও সত্যতা স্বীকার করেছেন। মার্কাকে তিনি জানিয়েছেন, ‘রোনালদো আর স্পেনে না খেলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তাঁর ধারণা, আর্থিক এ আলোচনায় ওর অনেক ক্ষতি হয়েছে এবং কারও সমর্থন সে পাচ্ছে না। সে সবকিছুই নিয়ম মেনে করেছে কিন্তু এখন সে নতুন ক্লাব খুঁজতে চাচ্ছে।’
রোনালদোর এ সিদ্ধান্তের পেছনে ক্লাবের চুপ থাকাই নাকি দায়ী, ‘সে স্পেন ভালোবাসে। মাদ্রিদের মতো পরিপূর্ণ এক শহরে আছে। তাঁর বান্ধবীও স্প্যানিশ। কিন্তু যদিও সে বলবে না, কিন্তু মাদ্রিদ তাঁকে রক্ষা করছে না বলেই তাঁর ধারণা। সে রেগেছে, কারণ ব্যাপারটা খেলোয়াড়-সংক্রান্ত নয়, বরং ক্লাব সম্পর্কিত। আমি এ ব্যাপারে আর কিছু বলব না, কারণ আমি আরও অনেক কিছুই জানি।’
মার্কার দাবি, ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকেও এ কথা জানিয়ে দিয়েছেন রোনালদো। প্রায় নিশ্চিতভাবেই ক্লাব ছেড়ে দিচ্ছেন তিনি। পেরেজ অবশ্য সর্বোচ্চ চেষ্টা করছেন গত চার বছরে তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতানো খেলোয়াড়কে ধরে রাখতে। রোনালদোর ক্লাব ছাড়ার ইচ্ছের কথা শোনার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর পক্ষে বিবৃতি দিয়েছে ক্লাব। তবে ইচ্ছের বিরুদ্ধে রোনালদোকে আটকে রাখার ইচ্ছে নেই রিয়ালের। কদিন আগেই ১৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাবের যে গুঞ্জন উঠেছিল, সেটি বাস্তবের রূপ তাই নিতেই পারে! সূত্র: মার্কা, এএস।