রোনালদো কীভাবে ব্যালন ডি'অর পায়, প্রশ্ন জাভির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই দৃশ্যটা দেখতে মোটেও প্রস্তুত নন জাভি৷ ফাইল ছবি
এই দৃশ্যটা দেখতে মোটেও প্রস্তুত নন জাভি৷ ফাইল ছবি

ফল জানা যাবে ১২ জানুয়ারি৷ তবে চারদিকে যেমন গুঞ্জরণ, তাতে মনে হচ্ছে, টানা দ্বিতীয় আর সব মিলিয়ে তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিততে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো৷ রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা এখনো হাতে সোনারঙে মোড়ানো গোলকটি তোলেননি৷ তবে এরই আগে তা নিয়ে প্রশ্ন তুললেন জাভি৷ বার্সেলোনার মাঝমাঠের কারিগের দাবি, কোনো অবস্থাতেই এই পুরস্কারের যোগ্য রোনালদো নন৷ শুধু তা–ই নয়, জাভির বছরের সেরা তিন ফুটবলারের মধ্যেও ঠাঁই মিলছে না রোনালদোর!
গত বিশ্বকাপটা রোনালদো একেবারেই বাজে কেটেছে৷ গোল পাননি৷ দলও বাদ পড়েছে প্রথম রাউন্ডে৷ সেই রোনালদোর হাতে ব্যালন ডি’অর উঠলে সেটা মানানসই হবে না বলেই মন্তব্য জাভির, ‘বিশ্বকাপে ও তেমন কিছুই করেনি৷ আর মৌসুমটা যেহেতু বিশ্বকাপের বছর, এর পারফরম্যান্সের ওপরই নির্ভর করে সব৷ আমি বরং প্রথমে জায়গা দেব লিওকে (মেসি)৷ এর পরই থাকবে ফিলিপ লাম আর হাভিয়ের মাসচেরানো৷
ক্রীড়া দৈনিক স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে জাভি একটা গুঞ্জনও উড়িয়ে দিলেন৷ গত অক্টোবরে এইবারের বিপক্ষে মেসিকে নাকি তুলে নিতে চেয়েছিলেন লুইস এনরিকে৷ কিন্তু কোচের ডাকে সাড়া না দিয়ে মেসি মাঠেই থেকে যান৷ এই গুঞ্জন রটনাকারীদের বক্তব্য, তবে কি এনরিকের চেয়ে বার্সায় মেসির ক্ষমতাই বেশি? কিন্তু জাভির বক্তব্য, ‘মেসিকে নিয়ে যা রটানো হচ্ছে, তা পুরোটাই মিথ্যা৷ লোকে যা খুশি বলতে পারে, কিন্তু এর এক বিন্দুও সত্যি নয়৷ মেসি কখনো দলের ওপর কর্তৃত্ব ফলায় না৷ দলে কোনো কিছু নিয়ে বিবাদও নেই৷ হ্যাঁ, দলে লিওর গুরুত্ব অপরিসীম৷ কিন্তু কখনো দেখিনি ও এনরিকে বলছে ও কী চায়৷ এটা হতেই পারে৷ এটা ভাবাও যায় না৷’
মেসির বার্সা ছেড়ে যাওয়ার গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন জাভি৷ একই সঙ্গে সমর্থন জানিয়েছেন এখনো নিজেকে মেলে ধরতে ব্যর্থ লুইস সুয়ারেজের প্রতি৷ সুয়ারেজ শিগগিরই স্বরূপে দেখা দেবেন বলেই বিশ্বাস তাঁর৷