রোনালদো গেছে তো কী হয়েছে!

দেখেশুনে মনে হতে পারে, লিগ জেতার জন্যই বুঝি এত দিন কথাগুলো চেপে রেখেছিলেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়-কর্মকর্তারা। লিগ জয় যেদিন নিশ্চিত হলো, তার পরদিনই রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলে বসলেন, রোনালদোকে ছাড়া এখন আরও ভালোভাবে একটা দল হয়ে খেলে রিয়াল। এবার রিয়ালের ক্রোট মিডফিল্ডার লুকা মদরিচেরও কথার সুর এমন যে, রোনালদো গেছে তো কী হয়েছে!
ক্রোয়াট পত্রিকা স্পোর্তসকে নোভোস্তিতে মদরিচ বললেন, রোনালদো গেলেও তিনি নিশ্চিত ছিলেন, রোনালদোকে ছাড়াই রিয়াল শিরোপা জিতবে!
২০১৮ সালের জুলাইয়ে জুভেন্টাসে পাড়ি জমানোর আগে নয় মৌসুমে রিয়ালকে কী না জিতিয়েছেন রোনালদো! টানা তিনটিসহ পাঁচ মৌসুমে চারটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লিগ, তিনবার ফিফা ক্লাব বিশ্বকাপ... রিয়ালে রোনালদোর সময়টা শিরোপায় সুশোভিতই ছিল। গোলের পর গোলও করে গেছেন নিরলস।
কিন্তু ২০১৮ সালে তিনি জুভেন্টাসে গেলেন, পরের মৌসুমে রিয়াল যেন ছন্নছাড়া। যদিও এই অবস্থার পেছনে রোনালদোর রিয়াল ছাড়ার পাশাপাশি একই সঙ্গে ২০১৮ সালের মে মাসে রিয়ালের ডাগআউট থেকে জিনেদিন জিদানের সরে যাওয়াও ছিল একটা বড় কারণ। দুজনের চলে যাওয়ার ধাক্কাটা কেমন ছিল? গত মৌসুমে মার্চের মধ্যে তিন টুর্নামেন্টের মধ্যে দুটি কাপ টুর্নামেন্ট থেকে ছিটকে গেল, লিগেও শিরোপার আশা কার্যত শেষ হয়ে গিয়েছিল। এর মধ্যে দুদফা কোচও বদলেছে রিয়াল!
এরপর মার্চে জিদান আবার ফিরলেন, গত মৌসুমে তখন আর কিছু করার সুযোগ ছিল না। কিন্তু এই মৌসুমে দারুণ পারফরম্যান্সে লিগ জিতল রিয়াল। এর মাঝে ডিসেম্বরে হঠাৎ সুযোগ পেয়ে স্প্যানিশ সুপার কাপও রিয়ালকে এনে দিয়েছেন ‘জিজু।’
তা রোনালদো না থাকলেও জিদান ফিরতেই সাফল্য এল, আর রিয়ালের দিক থেকে বাজনা শুরু হয়ে গেল, রোনালদোকে ছাড়াও যে জেতা যায়, তা তারা দেখিয়ে দিয়েছে। পেরেজ দিন পাঁচেক আগে বললেন, ‘মানুষ বলেছিল আমরা ক্রিস্টিয়ানোকে (রোনালদো) ছাড়া শিরোপা জিতব না। আমার মতে, আমরা এখন একটা দল হিসেবে আরও ভালো।’
এবার মদরিচের কণ্ঠেও প্রায় একই সুর। ‘ক্রিস্টিয়ানো রিয়াল মাদ্রিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল এ নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে এটা বলতে হবে যে, ও যখন ক্লাবে আর ছিল না, আমরা কিন্তু অতটা ভড়কে যাইনি। আমরা এটা ভাবিনি যে আমাদের উচ্চাকাঙ্ক্ষায় (শিরোপা জয়ের লক্ষ্য) কোনো বদল আনতে হবে। আমরা নিশ্চিত ছিলাম, ওকে ছাড়াও আমরা একইভাবে শিরোপা জিতে যেতে থাকব’—বলেছেন মদরিচ।
যে শিরোপা আসার পর এত কথা, সেই লিগ ঠিক কী কী কারণে জিতেছে রিয়াল, সে আলোচনায় মদরিচ তুলে এনেছেন করোনাভাইরাসের লকডাউনের সময়টাতে রিয়ালের খেলোয়াড়দের অনুশীলনে কঠোর পরিশ্রমের কথা। করোনা এসে সব থামিয়ে দেওয়ার সময়ে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে ছিল রিয়াল। কিন্তু করোনা-বিরতির পর টানা দশ ম্যাচ জিতে লিগ নিশ্চিত করে ফেলে জিদানের দল!
এর পেছনে রহস্য? মদরিচের বিশ্লেষণ, ‘যখন সবাই ঘরবন্দী ছিল, তখন আমরা অনুশীলন করেছি। সতীর্থদের সঙ্গে তখন আমার যোগাযোগ ছিল, দেখেছি সবাই তখন বাড়তি প্রেরণা নিয়ে অনুশীলন করেছে। আমরা খুব করে ফুটবলে ফিরতে চেয়েছিলাম। অবশেষে যখন আমরা একসঙ্গে অনুশীলনে ফিরলাম, খেলোয়াড়দের মধ্যে আরও ভালো একটা সম্পর্ক টের পাচ্ছিলাম। একসঙ্গে থাকাটা তখন সবাই আরও বেশি উপভোগ করছিলাম, পুরোদমে অনুশীলন করছিলাম।’
এত কিছু বললেন, আর জিদানের কথা বলবেন না মদরিচ, তা হয়! ২০১৮ ব্যালন ডি’অরজয়ী রিয়াল মিডফিল্ডারের স্তুতি কোচের জন্য, ‘জিদান আরেকবার অসাধারণ একজন মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। খেলোয়াড়দের কাছে বড় একটা ভরসা তিনি, খেলোয়াড়দের সঙ্গে তাঁর আচরণও নিখুঁত। দলে এমন কয়েকজন থাকেই যারা নিয়মিত খেলার সুযোগ পায় না। এটা খুবই স্বাভাবিক যে তারা খুশি থাকে না। কিন্তু তাদের প্রতিও কোচের আচরণ এমন যে, সেটা ওদেরকেও এই অনুভূতিটা দিয়েছে যে, ওরাও দলের অংশ। ড্রেসিংরুমে সবাই-ই খুব ভালো, ঝামেলা করার মতো কেউ নেই।’
রিয়ালকে সবদিক থেকেই একটা সুখী পরিবার বানিয়ে রেখেছেন জিজু।