রোনালদো চলে যাওয়ায় বার্সার কি সুবিধা হলো?

আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৯টা ৫ মিনিটে বার্সেলোনা মুখোমুখি হবে টটেনহামের। এই ম্যাচ দিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করবে স্প্যানিশ ক্লাবটি
প্রতিপক্ষের একাদশে যখন ক্রিস্টিয়ানো রোনালদো নামটা থাকে, কোচের জন্য তা বাড়তি দুশ্চিন্তার তো বটেই। একদিক দিয়ে সেই দুশ্চিন্তা থেকে মুক্তি পেলেন আর্নেস্তো ভালভার্দে। লিগে তো অন্তত রোনালদোকে নিয়ে ভাবতে হবে না! বার্সেলোনা কোচকে প্রশ্নটা তাই সরাসরি করা হয়েছিল। রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ায় বার্সার কি উপকারই হলো? ভালভার্দে প্রশ্নটার কূটনৈতিক উত্তরই দিলেন।
বার্সেলোনা এখন ক্যালিফোর্নিয়ায়। প্রাক-মৌসুমের প্রস্তুত নিতে যুক্তরাষ্ট্র সফর করছে দলটি। আগামীকাল আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপের ম্যাচে টটেনহামের মুখোমুখি হবে বার্সা। এর আগে সংবাদ সম্মেলনে ভালভার্দে মুখোমুখি হলেন রোনালদো-সংক্রান্ত প্রশ্নের। রোনালদো না-থাকায় বার্সার সুবিধা হলো কি না, এর উত্তরে বার্সেলোনা কোচ বললেন, ‘জানি না আসলে। আমাদের মানতে হবে ক্রিস্টিয়ানো যে মাপের খেলোয়াড়, রিয়াল মাদ্রিদ আর লা লিগায় ওর যে প্রভাব ছিল, সেটা অস্বীকার করার কোনো উপায় তো নেই। তবে আমরাও কিন্তু আন্দ্রেসের (ইনিয়েস্তা) মতো খেলোয়াড় হারিয়েছি।’
রোনালদো থাকার পরও বার্সেলোনা কিন্তু ঘরোয়া লিগে আধিপত্য বিস্তার করে রেখেছিল। রোনালদো রিয়ালে খেলেছেন—এমন ৯ মৌসুমের ছয়বারই লিগ জিতেছে বার্সেলোনা। সর্বশেষ ১০ মৌসুমে লিগ জিতেছে সাতবার। রিয়াল যেখানে জিতেছে দুইবার। কিন্তু বার্সেলোনা পিছিয়ে পড়েছে চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে। ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগ জিতেছে তিনবার। সেখানে রিয়াল টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতার অনন্য কীর্তি গড়েছে। ২০১৪ সালেও এই ট্রফি জিতেছিল তারা।
এখানেও রোনালদোর বড় ভূমিকা ছিল। রিয়ালের হয়ে দুটি লিগ জিতলে কী হবে, চারটি চ্যাম্পিয়নস লিগ জিতে গেছেন রোনালদো। ছুটিয়েছেন গোলের বন্যা।
বার্সেলোনা-সমর্থকদের মধ্যে চ্যাম্পিয়নস লিগ জেতার আকুতি তীব্রতর হয়েছে। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার লক্ষ্য কী, এমন প্রশ্নের জবাবে ভালভার্দে বলেছেন, ‘আমরা সবই জিততে চাই। কিন্তু বার্সেলোনার মতো ক্লাবে খেলাটা সহজ নয়। এখানে শুধু আপনাকে জিতলে হয় না, ভালোভাবে খেলতেও হয়।’
এই মৌসুমে দলবদলের বাজারে বার্সেলোনা বেশ সরব। দলের শক্তি বেশ বাড়িয়ে নিচ্ছে ক্লাবটি। এখনো বার্সার সওদাপাতি শেষ হয়নি বলেও আভাস দিয়ে রাখলেন ভালভার্দে, ‘দলে আরও কোনো খেলোয়াড় যোগ করার সম্ভাবনা আমরা এখনো চালু রেখেছি। আমরা পাওলিনহোর মতো খেলোয়াড় হারিয়েছি, মাঝমাঠে যে খুব গুরুত্বপূর্ণ ছিল। অবশ্য আমাদের আরও অনেক খেলোয়াড় আছে, তা ছাড়া আমরা আমাদের বি-টিম থেকেও খেলোয়াড় নিতে পারি কি না, ভাবছি। দলে এখনো আরও অনেক খেলোয়াড়ের যোগ দেওয়া বাকি। দলে খেলোয়াড় কেনা তো শুধু আমার ওপর নির্ভর করে না। ক্লাব কর্মকর্তাদেরও এখানে অনেক ভূমিকা আছে।’