রোনালদো জিতলেন ''স্যালন ডি'অর''!

ফুটবল নিয়ে কারিকুরি কম জানেন না ক্রিস্টিয়ানো রোনালদো! ফুটবলের মতো চুলের ফ্যাশন নিয়েও তাঁর আগ্রহের কমতি নেই। চুল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার একটি আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন রোনালদো। সেরা চুলের জন্য পর্তুগিজ উইঙ্গার জিতেছেন ‘স্যালন ডি’অর’!
এ আবার কোন পুরস্কার? দুদিন বাদেই ব্যালন ডি’অর। ফিফা বর্ষসেরা পুরস্কার সামনে রেখে ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম একটি ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতার নাম দিয়েছে স্যালন ডি’অর। প্রখ্যাত কেশ বিশেষজ্ঞ ড্যানিয়েল জনসন এ প্রতিযোগিতার মূল বিচারক। প্রাথমিকভাবে তিনি নির্বাচন করেছেন বর্তমান সময়ে চুলের স্টাইলে সেরা ২০ খেলোয়াড়কে। এরপর এ ২০ খেলোয়াড়ের মধ্যে কোন খেলোয়াড়ের চুলের স্টাইল সবচেয়ে সেরা, সেটি নির্বাচন করেছেন গোলডটকমের পাঠকেরা। এতে অংশ নিয়েছেন ৩৭ হাজার ৪৫৮ পাঠক।
প্রতিযোগিতায় বিপুল ভোটে বিজয়ী হয়েছেন রোনালদো! রিয়াল ফরোয়ার্ড পেয়েছেন ৩২ দশমিক ৭ শতাংশ ভোট। প্রায় এক–তৃতীয়াংশ পাঠকই ভোট দিয়েছেন রোনালদোকে। দ্বিতীয় অবস্থানে আন্দ্রেয়া পিরলো। ঝাঁকড়া চুলের জুভেন্টাস মিডফিল্ডার পেয়েছেন ৯ দশমিক ৪ শতাংশ ভোট। ব্রাজিলীয় সেনশন নেইমার ৭ দশমিক ৯ শতাংশ ভোটে আছেন তৃতীয় অবস্থানে।
প্রতিযোগিতা প্রসঙ্গে ড্যানিয়েল বললেন, ‘এ জয় রোনালদোর পাওনা। তাঁর চুলের স্টাইল অসাধারণ। যেকোনো মুখাবয়বের সঙ্গে এটি মানিয়ে যায়। এক্ষেত্রে মুখের আকৃতি অত্যাবশ্যক।’ তথ্যসূত্র: গোলডটকম।