রোনালদো-জিদানের পথে হাঁটতে চান বেনজেমা

বেনজেমাফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মৌসুম ধরেই দুর্দান্ত ফর্মে আছেন ফ্রান্সের স্ট্রাইকার করিম বেনজেমা। ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকেই ক্লাবকে টানছেন এই ফরোয়ার্ড। গত মৌসুমে হয়েছিলেন লা লিগার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। এমন ফর্ম দেখেই পাঁচ বছর পর রাগ-অভিমান ভুলে তাঁকে জাতীয় দলে ডাকতে বাধ্য হয়েছেন ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশম। ইউরোতে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতাও ছিলেন এই ফরোয়ার্ড। ইউরোপের সেরার লড়াইয়ে দলকে শিরোপা জেতাতে না পারলেও ফ্রান্সকে ঠিকই নেশনস লিগের শিরোপা জেতাতে বড় অবদান রেখেছেন রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার।

এ বছর নেশনস লিগ জেতা বেনজেমা গত মৌসুমে ক্লাবের হয়ে কোনো শিরোপাই জিততে পারেননি। তবু ব্যক্তিগতভাবে যে আলো ছড়িয়েছেন, তাতেই ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকায় ঢুকে পড়েছেন ফরাসি এই স্ট্রাইকার। এবার ব্যক্তিগতভাবে বেনজেমা নিজেও খুব আশাবাদী। ব্যালন ডি’অর জিতে ছোটবেলার আদর্শ জিনেদিন জিদান ও রোনালদো নাজারিওর পথে হাঁটতে চান তিনি।

জিদানের সবচেয়ে প্রিয় শিষ্য বেনজেমা
ফাইল ছবি : রয়টার্স

এমন নয় যে এই প্রথম ব্যালন ডি’অরের তালিকায় নাম উঠেছে বেনজেমার। তবে এর আগে কখনোই সম্ভাব্য বিজয়ীর আলোচনায় আসতে পারেননি তিনি।

১৯৯৭ ও ২০০২ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন রোনালদো আর ১৯৯৮ সালে জিতেছিলেন জিদান। এই দুজনের সঙ্গে বেনজেমার মিল আছে এক জায়গায়। তাঁরাও বেনজেমার মতো রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলেছেন। এর মধ্যে স্বদেশি জিদানকে তো মাদ্রিদে কোচ হিসেবেই পেয়েছেন বেনজেমা। এবার ব্যালন ডি’অর জিতে তাঁদের তালিকায় নাম লেখাতে চান এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড।

আজ চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ম্যাচে নামার অপেক্ষায় থাকা বেনজেমা বলেন, ‘ব্যালন ডি’অর জেতা? হ্যাঁ, সেটি হবে ছোটবেলা থেকে দেখা স্বপ্নপূরণ। কোনো সন্দেহ নেই, ছোটবেলায় আমি এ স্বপ্ন দেখেছিলাম। আমার আদর্শ তিনি আরনাইন (রোনালদো) বা জিজু (জিদান)—যিনিই হোন না কেন। তাঁরা রিয়াল মাদ্রিদে এসেছিলেন এবং ব্যালন ডি’অর জিতেছিলেন। আজ আমি সেটি থেকে দূরে নই।’

বেনজেমার আদর্শ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে জেতা রোনালদোও বেনজেমাকে সম্ভাব্য বিজয়ী ভাবছেন। কয়েক দিন আগে বলেছিলেন, ‘কোনো সন্দেহ ছাড়াই ব্যালন ডি’অরের ক্ষেত্রে এ বছর আমার অন্যতম সেরা পছন্দ করিম বেনজেমা। সে সেরা একজন ফরোয়ার্ড। ১০ বছর ধরে সে এই পর্যায়ে খেলে আসছে। সে একজন চ্যাম্পিয়নও। আমি মনে করি, বেনজেমা এই পুরস্কারের জন্য যোগ্য।’