রোনালদো তো চলমান বিলবোর্ড

ক্রিস্টিয়ানো রোনালদো যেন বিজ্ঞাপনের এক চলমান বিলবোর্ড! নয় তো কি? তিনি যেখানেই যান, তাঁকে অনুসরণ করে কমপক্ষে ১৫-১৬টি দামি ব্র্যান্ডের বিজ্ঞাপন। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না করার আসলে কোনো কারণই নেই। বিজ্ঞাপনী বাজারে এই মহাতারকার মূল্য কত জানেন? দুই কোটি ৬৫ লাখ পাউন্ড। বাংলাদেশি টাকায় যা প্রায় ৩৩০ কোটি টাকা। বহুজাতিক সংস্থাগুলোর সঙ্গে যিনি এত টাকার চুক্তিতে আবদ্ধ, তিনি পণ্যের চলমান বিলবোর্ড না হয়ে পারেনই না!
মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ। এমন খুব কম পণ্যই আছে, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর রোনালদো নন। মাথার চুলের জন্য তাঁর ক্লিয়ার শ্যাম্পুর বিজ্ঞাপন তো প্রায় প্রতিদিন টেলিভিশনের পর্দায় সবাই দেখে থাকেন। ক্লিয়ার শ্যাম্পুই হচ্ছে তাঁর এন্ডোর্সিংয়ের একমাত্র পণ্য, যার মাধ্যমে তিনি সারা বিশ্বের একেবারে তৃণমূল পর্যায়ে পৌঁছেছেন। এর বাইরে যেসব পণ্যের এন্ডোর্সিংয়ের দায়িত্ব তিনি নিয়েছেন যার বেশির ভাগকেই বলা চলে ‘বড়লোকের’ পণ্য।
রোনালদোর মোবাইলফোন ব্র্যান্ড স্যামসাং। ব্যক্তিজীবনে তিনি এই স্যামসাং ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করেন কি না, তা অবশ্য জানা যায়নি। জনসমক্ষে গাড়িতে উঠলে সেটা অবশ্যই হতে হবে টয়োটা। আর হাতঘড়ির ক্ষেত্রে ট্যাগ হিউয়ের ছাড়া তাঁর গতি নেই।
এবার আসুন বিমানভ্রমণের ক্ষেত্রে তিনি কোন বিমান সংস্থা বেছে নেবেন! এ ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ তারকা হওয়ার কারণেই তাঁকে ঝুঁকতে হবে এমিরেটসের দিকে। ওহ! বলা হয়নি, গাড়িতে কিন্তু তিনি ব্যবহার করতে বলবেন ক্যাসট্রল এজ মোটর অয়েল।
রোনালদোর পাদুকাসামগ্রী ওই নাইকিই। খেলার সময় তিনি সাধারণত নাইকি ব্র্যান্ডের বুটই ব্যবহার করেন। খেলার বাইরে আয়েশি চালচলনে তাঁর পায়ে রাখতে হয় নাইকির কেডস কিংবা স্নিকারস।
সবকিছুই তো বলা হলো। রোনালদোর অন্তর্বাসের ব্র্যান্ডটাই বা বাদ থাকবে কেন? এ ক্ষেত্রে অবশ্য তাঁর পছন্দ নিজের নাম ও জার্সি নম্বরসংবলিত ব্র্যান্ডই। তিনি সাধারণত সিআর-সেভেন ব্র্যান্ডের অন্তর্বাস এন্ডোর্স ব্যবহার করে থাকেন। জিনসের ক্ষেত্রে তিনি বেছে নেন এমপোরিও আরমানির মতো দামি জিনস।
এবার আসুন খাওয়া-দাওয়ায়। এ ক্ষেত্রে কেন্টাকি ফ্রাইড চিকেনের (কেএফসি) সঙ্গে তিনি বেঁধেছেন গাঁটছড়া। পানীয় হিসেবে তাঁর কাছে জুড়ি নেই সকারেডের।