রোনালদো, না লেভা?
>

শুধু এই ইউরোতেই নয়, যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে পর্তুগালের সাফল্য আসলে নির্ভর করে আসলে রোনালদোর সাফল্যের ওপর। মার্শেইয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে আজ সেই রোনালদোর পর্তুগালের মুখোমুখি লেভার পোল্যান্ড। শেষ হাসিটা কে হাসবেন?
ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকা-দ্যুতি তাঁর নেই। গত বছর অক্টোবরের দিকে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে যখন দুর্দান্ত ফর্মে ছিলেন, রোনালদো-মেসির সঙ্গে তাঁর তুলনা শুরু হয়েছিল বটে। তবে রবার্ট লেভানডফস্কি নিজেই বলে দিয়েছিলেন, ‘ওদের সঙ্গে কারও তুলনা হয় না।’
হয় না হয়তো। কিন্তু পোল্যান্ডের জন্য লেভানডফস্কি রোনালদোর চেয়ে কম কিছু নন। এই ইউরোতে লেভাই পোল্যান্ডের সবচেয়ে বড় তারকা। তিনিই দেশের অধিনায়ক। ফর্ম যেমনই হোক, প্রতিটি ম্যাচেই তাঁর দিকে তাকিয়ে থাকে পোল্যান্ড।
আর রোনালদো তো রোনালদোই। সময়ের অন্যতম সেরা ফুটবলার, কারও কারও মতে ইতিহাসেরও অন্যতম সেরা। শুধু এই ইউরোতেই নয়, যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে পর্তুগালের সাফল্য আসলে নির্ভর করে আসলে রোনালদোর সাফল্যের ওপর। মার্শেইয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে আজ সেই রোনালদোর পর্তুগালের মুখোমুখি লেভার পোল্যান্ড। শেষ হাসিটা কে হাসবেন?
পোল্যান্ডের জন্য কিছুটা হতাশাজনক হলেও সত্যি, এবারের ইউরোতে লেভার কাছে তাদের প্রত্যাশার কিছুই তিনি মেটাতে পারেননি। বায়ার্নের হয়ে দুর্দান্ত মৌসুম কাটালেও জাতীয় দলের জার্সিতে ইউরোতে চার ম্যাচে গোল পাননি। আর সে কারণে পোলিশ আক্রমণভাগকেও এই টুর্নামেন্টে মোটামুটি নখদন্তহীন মনে হচ্ছে। কোয়ার্টার ফাইনালের আট দলের মধ্যে সবচেয়ে কম গোল পোল্যান্ডেরই, চার ম্যাচে মাত্র ৩টি! অবশ্য এরপরও লেভার ওপর আস্থা একটুও কমছে না পোল্যান্ডের। সহকারী কোচ হুবার্ট মালোভিয়েস্কি যেমন বললেন, ‘আমরা ওকে নিয়ে বিন্দুমাত্র উদ্বিগ্ন নই। একদমই না। ও পর্তুগালের বিপক্ষে সেরাটাই দেবে।’
এমন নয় যে রোনালদো তাঁর সেরা ছন্দে আছেন। তবে একই সঙ্গে এটাও সত্যি, পর্তুগালের এই পর্যন্ত আসার পেছনে সবচেয়ে বড় অবদানও তাঁর। হাঙ্গেরির বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে তাঁর জোড়া গোল পর্তুগালকে শেষ ষোলোয় তুলে এনেছে। নকআউট পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচেও রিকার্ডো কারেসমার একমাত্র গোলটি তাঁর বানিয়ে দেওয়া। তাঁকে ঘিরেই যে পর্তুগালের সব আশা, সেটি মেনে নিতে আপত্তি নেই পর্তুগাল ডিফেন্ডার জোসে ফন্তেরও, ‘এই ম্যাচে আমাদের দারুণ সুযোগ আছে, কারণ আমাদের দলে আছে বিশ্বসেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। তার সঙ্গে নানি, কারেসমা আর মারিও তো আছেই।’
এমনকি প্রথম ম্যাচে চোট পেয়ে ছিটকে যাওয়া পোলিশ গোলরক্ষক ভয়চেক শেজনিও বলে দিলেন, ‘কেউ কেউ বলছে, রোনালদো নাকি ভালো খেলছে না। এরপরও যদি তাকে আমার দলে পেতাম, আমি খুশি হতাম। কোনো সন্দেহ নেই আমাদের সামনে কঠিন পরীক্ষা।’
সতীর্থ ও প্রতিপক্ষরা যাকে নিয়ে এমন মুগ্ধ, সেই রোনালদো এরই মধ্যে এই টুর্নামেন্টে দুটি রেকর্ড গড়েছেন। একমাত্র খেলোয়াড় হিসেবে চারটি ইউরোতে গোল করার রেকর্ড গড়েছেন, গড়েছেন ইউরোর মূল পর্বে সবচেয়ে বেশি ম্যাচ (১৮) খেলার রেকর্ডও। তবে আজ পোল্যান্ডের বিপক্ষে রোনালদোর সামনে হাতছানি এক কিংবদন্তিকে ছোঁয়ার। আর একটা গোল করলেই ইউরোর মূল আসরে সবচেয়ে বেশি (৯) গোল করা মিশেল প্লাতিনির পাশে বসবেন পর্তুগিজ উইঙ্গার।
এমন গুরুত্বপূর্ণ একটা ম্যাচে রোনালদোর জন্য এর চেয়ে বড় প্রেরণা আর কী হতে পারে! এএফপি, রয়টার্স।