স্পেন (১৯৬৪) ও গ্রিসের (২০০৪) পর পর্তুগালই প্রথম ইউরোজয়ী দল যাঁরা বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হারল
নানি ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিলেন কথাটা এভাবে বুমেরাং হয়ে ফিরে আসবে?
দিন চারেক আগে পুঁচকে জিব্রাল্টারের বিপক্ষে প্রীতি ম্যাচে ৫-০ গোলে জিতল পর্তুগাল। দুই গোল করে জয়ের নায়ক নানি সেদিন ম্যাচের পর বললেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াও পর্তুগাল শক্ত দল।’ কিন্তু পরশু সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচেই হয়তো ভুলটা বুঝতে পেরেছেন পর্তুগিজ উইঙ্গার। চোটের কারণে রোনালদো নেই, ইউরোজয়ী পর্তুগালও হেরে গেল ২-০ গোলে।
শুধু ইউরো চ্যাম্পিয়নই নয়, পরশু রাতটা ইউরো রানার্সআপ ফ্রান্সের জন্যও ছিল হতাশার। বেলারুশের মাঠে গোলশূন্য ড্র করেছেন পগবা-গ্রিজমানরা। সুইডেনের মাঠে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে হল্যান্ডও। তবে বড় জয় পেয়েছে বেলজিয়াম, সাইপ্রাসের মাঠ থেকে ফিরেছে ৩-০ গোলের জয় নিয়ে।
ইউরোর ফাইনালের ২৪ মিনিটেই চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন রোনালদো। সেদিন রোনালদোকে ছাড়াই চোয়ালবদ্ধ লড়াই করে শিরোপা নিয়ে ফিরেছিলেন নানি-পেপেরা। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে এসেই আবারও পর্তুগাল যেন আগের আপ্তবাক্যটিকেই সত্যি প্রমাণ করল, ‘নো রোনালদো, নো পার্টি!’ হাঁটুর চোট কাটিয়ে রোনালদো মাত্রই ফিরেছেন রিয়াল মাদ্রিদের অনুশীলনে, তাঁকে ছাড়া পরশু পর্তুগালকেও মনে হলো কিছুটা ছন্নছাড়া।
২৩ মিনিটে তরুণ স্ট্রাইকার ব্রিল এমবোলো গোল করে এগিয়ে দেন সুইজারল্যান্ডকে, মিনিট সাতেক পর প্রতি-আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন আদমির মেহমেদি। শেষ দিকে পর্তুগাল অনেক চেষ্টা করেও আর সুইজারল্যান্ডের রক্ষণপ্রাচীর ভাঙতে পারেনি। ইউরোর পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই হার—পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস আগের সাফল্য ভুলে যাওয়ার তাগিদই দিচ্ছেন খেলোয়াড়দের, ‘ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ব্যাপারটা আমাদের ভুলে যেতে হবে। সাধারণত যেমন শক্তিশালী আমরা, আজ তেমন ছিলাম না। এটা বাছাইপর্ব, আর এখানে এমন কিছু মেনে নেওয়া যায় না।’
খেলোয়াড়দের, বিশেষ করে স্ট্রাইকারদের ব্যর্থতা মেনে নিতে পারছেন না ফ্রান্স কোচ দিদিয়ের দেশমও। অনেক সুযোগ পেয়েও যে পুঁচকে বেলারুশের বিপক্ষে গোল করতে পারল না তাঁর ফরোয়ার্ডরা। ম্যাচ শেষে ক্যানাল প্লাসকে দেশম বলেছেন, ‘ইতালির বিপক্ষে সর্বশেষ ম্যাচে (৩-১ জয়) চারটা সুযোগ পেয়ে আমরা ৩ গোল করেছি। কিন্তু এবার সুযোগগুলো কাজে লাগাতে পারলাম না।’
বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ ও তাঁর বিখ্যাত সহকারী থিয়েরি অঁরির এই আক্ষেপ থাকার কথা নয়। সাইপ্রাসের জালে তিনবার বল পাঠিয়েছেন বেলজিয়ান খেলোয়াড়েরা—রোমেলু লুকাকু দুবার, একবার ইয়ানিক কারাসকো। অবশ্য শেষ দিকে চেলসি স্ট্রাইকার মিচি বাৎশুয়াই পেনাল্টি মিস না করলে উৎসবটা আরও বড় মাত্রা পেত। অন্য ম্যাচে অধিনায়ক ওয়েসলি স্নাইডারের সৌজন্য সুইডেনের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে হল্যান্ড। মার্কাস বার্গের গোলে সুইডেন এগিয়ে যাওয়ার পর ৬৭ মিনিটে স্নাইডার সমতায় ফেরান ড্যানি ব্লিন্ডের দলকে। ফিফা ডটকম।
বিশ্বকাপ বাছাই
এক নজরে
দক্ষিণ আমেরিকা
ব্রাজিল ২: ১ কলম্বিয়া
ভেনেজুয়েলা ২: ২ আর্জেন্টিনা
উরুগুয়ে ৪: ০ প্যারাগুয়ে
চিলি ০: ০ বলিভিয়া
পেরু ২: ১ ইকুয়েডর
ইউরোপ
সাইপ্রাস ০: ৩ বেলজিয়াম
সুইডেন ১: ১ হল্যান্ড
বেলারুশ ০: ০ ফ্রান্স
সুইজারল্যান্ড ২: ০ পর্তুগাল
বসনিয়া ৫: ০ এস্তোনিয়া
আলবেনিয়া ২: ১ মেসিডোনিয়া
বুলগেরিয়া ৪: ৩ লুক্সেমবার্গ
ফারো আইল্যান্ড ০: ০ হাঙ্গেরি
অ্যান্ডোরা ০: ১ লাটভিয়া
জিব্রাল্টার ১: ৪ গ্রিস
* প্রথমে স্বাগতিক দল