রোনালদো নেই, বেল তো আছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলই জেতালেন রিয়ালকে। ছবি: রয়টার্স।
বেলই জেতালেন রিয়ালকে। ছবি: রয়টার্স।

সময়টা এমনিতেই নাটকীয়। লিগ শিরোপার আশা উজ্জ্বল হয়ে ফিরে এসেছে রিয়াল মাদ্রিদের, একাদশ চ্যাম্পিয়নস লিগের স্বপ্নও এখনো জ্বলজ্বলে। নাটুকে সময়ের সঙ্গে তাল মিলিয়েই নাটকীয় এক জয় পেল রিয়াল। দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে রায়ো ভায়েকানোর সঙ্গে জিতল ৩-২ গোলে।

চোট আগেই কেড়ে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবু কোচ জিনেদিন জিদানের ভরসা ছিল, গ্যারেথ বেল ও করিম বেনজেমা তো আছেন! গত ডিসেম্বরে যে বেলের চার গোল ও বেনজেমার হ্যাটট্রিকে এই রায়োকেই ১০-২ গোলে ধসিয়ে দিয়েছিল রিয়াল। রোনালদোবিহীন রিয়ালকে আরও একবার বাঁচিয়ে দিলেন ওয়েলশ উইঙ্গার।
ম্যাচের ১৪ মিনিটের মধ্যেই দুই গোল! রায়ো নয়, রিয়ালের জালে! আদ্রি এমবারবা ও মিকুর গোলে পিছিয়ে যায় রিয়াল। দুটি গোলেই দায়টা রিয়ালের রক্ষণকেই নিতে হবে। সে সময়টাতে লস ব্লাঙ্কোদের কেমন দিশেহারা মনে হচ্ছিল।
এমন সময়ে রোনালদোর অভাবটা যেন আরও বেশি করে অনুভূত হচ্ছিল। কতবারই তো এমন সময়ে দলকে উদ্ধার করেছেন পর্তুগিজ অধিনায়ক। আজ রোনালদো নেই, গ্যারেথ বেল যেন ঘোষণা করতে চাইলেন, ‘শান্ত হও, আমি তো আছি।’ ৩৫ মিনিটে কর্নারে উড়ে আসা বলটায় হেড করে ব্যবধান কমালেন ওয়েলশ উইঙ্গার। ওই গোলটাই পুরো খেলার মোড় যেন ঘুরিয়ে দিয়েছে।
তবে গোলটা যা-ও একটু স্বস্তি হয়ে এল, সেটি আবার উবে গেল কিছুক্ষণ পর। চোট পেয়ে মাঠ ছেড়ে গেলেন বেনজেমা। তবে ফ্রেঞ্চ স্ট্রাইকারের বদলি হয়ে নামা লুকাস ভাসকেজই ৫২ মিনিটে হেড করে সমতায় ফেরান জিদানের দলকে।
কিন্তু ২-২ সমতা নিয়ে তো রিয়ালের মতো দল সন্তুষ্ট হতে পারে না। লিগের লড়াইয়ে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে যেমন গায়ে-গায়ে লেগে আছে, তাতে এই ম্যাচ ড্র হলে বড় ধাক্কাই খেত জিদানের দল। কিন্তু বেল যে দিনটাকে রাঙিয়ে দেবেন বলে ঠিক করেই রেখেছিলেন। ৮১ মিনিটে রায়োর রক্ষণের ভুলে বল পেলেন বক্সের একটু বাইরে, এরপর ‘ট্রেডমার্ক দৌড়’, বাকিটা রিয়ালের জন্য এই ম্যাচে সবচেয়ে আনন্দের দৃশ্য—রায়ো গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জড়িয়ে যাচ্ছে জালে। ৩-২!
আজ রাতে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা দুই দলেরই ম্যাচ আছে। সেই দুই ম্যাচে কী হবে কে জানে, তবে আপাতত এই জয় নিয়ে কিছু সময়ের জন্য লিগের শীর্ষে উঠে গেল রিয়াল মাদ্রিদ।
এই দুর্দান্ত ফিরে আসা, লিগ শিরোপার লড়াই জমিয়ে দেওয়া—এসব তো আছেই। তবে এই জয়টা রিয়াল কোচ জিদানকে আরও বড় স্বস্তি দেবে এই ভেবে, রোনালদো ছাড়াও এই দল এমন কঠিন অবস্থা থেকে ফিরে আসতে জানে। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যাচ, তার আগে এই স্বস্তিটা অনেক দরকার ছিল জিদান ও তাঁর দলের জন্য। সূত্র: ইএসপিএন।