রোনালদো প্রিমিয়ার লিগের সর্বকালের সেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেডের হয়ে খেলার সময় রোনালদো
ইউনাইটেডের হয়ে খেলার সময় রোনালদো

ইংলিশ ফুটবল ছেড়েছেন ছয় বছর আগে। কিন্তু রোনালদো-জাদুতে মুগ্ধ প্রিমিয়ার লিগের দর্শকদের ভালোবাসায় আজও বিন্দুমাত্র ভাটা পড়েনি। তার প্রমাণ মিলেছে সম্প্রতি এক জরিপে। বেসরকারি একটি জরিপ সংস্থা ইউএসইউআরভি পরিচালিত জরিপে সর্বকালের সেরা প্রিমিয়ার লিগ খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ভোট গিয়ে পড়েছে এই পর্তুগিজ তারকার ঝুলিতে। এমনকি পেছনে পড়ে গেছেন থিয়েরি অঁরি কিংবা রিয়ান গিগসের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের কিংবদন্তিরা।
বেকহামের প্রস্থানে ইউনাইটেডে যে শূন্যতার সৃষ্টি হয়েছিল, ১ কোটি ২২ লাখ পাউন্ডের বিনিময়ে রোনালদোকে দলে ভিড়িয়ে ফার্গুসন সেই শূন্যতা ঘোচান ২০০৩ সালে। রোনালদোর সবচেয়ে সাফল্যবিধৌত সময় ছিল ২০০৬ থেকে ২০০৯ মৌসুমটি। এ সময়ে দুর্দান্ত ফর্মে থাকা এই উইঙ্গারের অসাধারণ নৈপুণ্যে ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত টানা তিনবার প্রিমিয়ার লিগ জয়ে হ্যাটট্রিক করে ইউনাইটেড। ইংলিশ ক্লাবটির হয়ে ছয় বছরে ২৯২ বার ৭ নম্বার জার্সিটি গায়ে চাপিয়ে মাঠে নেমে মোট ১১৮টি গোল করেন এই তারকা। পরে বেকহামের পথ ধরেই ২০০৯ সালে রেকর্ড ৮ কোটি পাউন্ডে রিয়াল মাদ্রিদে চলে যান সে বছরই ব্যালন ডি’অরজয়ী রোনালদো।
এরই মধ্যে অর্ধযুগ পেরিয়ে গেছে। তবে রোনালদোতে এখনো আচ্ছন্ন ইংলিশ ফুটবলপ্রেমীরা। জরিপে অংশ নেওয়া এক হাজার জনকে ১০ জন খেলোয়াড়ের একটি তালিকা থেকে তার পছন্দের সেরা প্রিমিয়ার লিগ খেলোয়াড় নির্বাচন করতে বলা হয়েছিল। রোনালদো বেশ বড় ব্যবধানেই বাকিদের পেছনে ফেলেছেন।Ñরোনালদো একাই বাগিয়ে নেন ২৪ শতাংশ ভোট। ১৮ শতাংশ ভোট নিয়ে তাঁর খুব কাছেই আছেন অঁরি। গিগস পেয়েছেন ১৩ শতাংশের সম্মতি। এরিক ক্যান্টোনা এবং অ্যালান শিয়েরার দুজনেই কেড়েছেন ১২ শতাংশের নজর। ইংলিশ তারকা জেরার্ড জিতেছেন ১০ শতাংশের হৃদয়।

জরিপের সেরা পাঁচ:
১. রোনালদো (১৭৭ ভোট, ২৪ শতাংশ)
২. অঁরি (১৩৩ ভোট, ১৮ শতাংশ)
৩. গিগস (৯৫ ভোট, ১৩ শতাংশ)
৪.শিয়েরার (৯২ ভোট, ১২ শতাংশ)
৫. ক্যান্টোনা (৮৯ ভোট, ১২ শতাংশ)