রোনালদো ফিরছেন!

দেহের দোলায় ছিটকে ফেলে দিচ্ছেন ডিফেন্ডারদের, এর পর বাঁ পায়ের লক্ষ্যভেদী শটে গোল...সেই দুর্দান্ত রোনালদোর কথা মনে পড়ে যাচ্ছে না? ব্রাজিল কিংবদন্তি বুটজোড়া তুলে রেখেছেন আরও বছর চারেক আগে। শরীরে এখন মেদ জমেছে, গ্রাস করেছে জড়তা। ৩৮ বছর বয়সে আবার মাঠে ফেরা—শুনতে অবিশ্বাস্যই লাগে। তবে সে রকম একটা পরিস্থিতিই কিন্তু তৈরি হয়েছে। রোনালদো আভাস দিয়েছেন খেলায় ফিরতে পারেন।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিভাগের ক্লাব ফোর্ট লডারডেল স্ট্রাইকার্সের আংশিক মালিকানা কিনেছেন কিছুদিন আগে। নতুন ক্লাবের হয়ে ফেরার একটা সম্ভাবনা নিজেই স্বীকার করেছেন তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়, ‘অবসরের পর শরীরে এত চোট আর ব্যথা ছিল, একেবারেই মাঠে নামা হয়নি। আমি কিছু ম্যাচ খেলার চেষ্টা করব। এই বছর আমি অনেক অনুশীলন করতে চাই, গত তিন বছর বিভিন্ন কাজে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম কোনো সময়ই পাইনি আমি। ফুটবল আমার ভালোবাসা, সারা জীবনেই।’ নর্থ আমেরিকান সকার লিগের এই ক্লাবের দায়িত্ব নেওয়ার পর এক সংবাদ সম্মেলনে এটি বলেছেন ‘দ্য ফেনোমেনন’।
খেলায় ফিরলেও সেটা নিশ্চিতভাবেই পূর্ণকালীন হচ্ছে না। রোনালদোকে কি ডাগ-আউটে দেখার কোনো সম্ভাবনা আছে? সেটি কিন্তু উড়িয়ে দিয়েছেন, ‘আমি ম্যানেজার হতে পারব না। কারণ ৩০ জন ভিন্ন চিন্তাধারার খেলোয়াড়কে সামলানো খুব কঠিন। আমার মনে হয় আমি যা জানি, সেটা মালিক হয়েই সবচেয়ে ভালোভাবে শেখাতে পারব।’
স্ট্রাইকার্স এখন দ্বিতীয় বিভাগে খেললেও সত্তর দশকে ছিল সাড়া জাগানো এক দল। জর্জ বেস্ট, জার্ড মুলার, গর্ডন ব্যাঙ্কসের মতো খেলোয়াড়েরা খেলেছেন এই ক্লাবে। এএফপি, রয়টার্স।