রোনালদো ফিরলেন তাঁর মতোই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার পর্তুগালের হয়ে রোনালদোর সেই চেনা উদ্‌যাপন। অ্যান্ডোরার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পর্তুগিজ অধিনায়কের সামনে এমন উপলক্ষ এসেছিল চারবার  l এএফপি
আবার পর্তুগালের হয়ে রোনালদোর সেই চেনা উদ্‌যাপন। অ্যান্ডোরার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পর্তুগিজ অধিনায়কের সামনে এমন উপলক্ষ এসেছিল চারবার l এএফপি

চোখের জলে মাঠ ছেড়েছিলেন সেদিন। চোখের জল মুছেই শেষ পর্যন্ত কাপ হাতে নিয়েছিলেন। ইউরোর শিরোপা জয়ের ওই দিনের পর পর্তুগালের হয়ে আর মাঠে নামা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। চোটের জন্য বিশ্বকাপ বাছাইয়ে সুইজারল্যান্ডের কাছে হারও দেখতে হয়েছে দর্শক হয়ে। পরশু আবার মাঠে ফিরেছেন রোনালদো। ইউরো যেখানে শেষ করেছিলেন, চার গোলে যেন সেখান থেকেই শুরু করলেন।
অ্যান্ডোরার বিপক্ষে পর্তুগালের ৬-০ গোলের জয়টা এমনিতে এমন কিছু নয়। ফিফা র্যাঙ্কিংয়ে পর্তুগাল ছয়ে, আর অ্যান্ডোরা ১৯৩তে। তারপরও রোনালদোর জন্য রাতটা তো অন্য রকমই। হ্যাটট্রিক আগেও পেয়েছেন, কিন্তু চার গোল পেলেন পরশুই প্রথম। সব মিলিয়ে দেশের হয়ে এখন পর্যন্ত তাঁর ৬৫ গোল হলো। ক্লাবের হয়ে সাতবার এক ম্যাচে চার গোল করেছেন, তবে দেশের হয়ে প্রথম চার গোল পাওয়ার একটা আলাদা মাহাত্ম্য তো আছেই। কিন্তু নিজের অর্জন নিয়ে রোনালদোর উচ্ছ্বাস ফেসবুক-টুইটারে একটা পোস্টেই সীমাবদ্ধ থাকল। বরং দলের হয়ে অনেক দিন পর ফেরার স্বস্তিটাই রোনালদোকে ছুঁয়ে গেল বেশি, ‘আমি জানি আমি গুরুত্বপূর্ণ, আর সব খেলোয়াড়ের মতোই। জাতীয় দলের হয়ে আমি সব সময়ই সর্বস্ব উজাড় করে দিয়েছি। আমার মনে হচ্ছে, আরও কিছু দেওয়ার আছে। ইউরোতে ওই চোটের পর ফিরতে পেরে আমি খুশি।’
রোনালদোর শুরুটাই হয়েছিল দুর্দান্ত। মাত্র ৭৩ সেকেন্ডেই পেয়ে যান প্রথম গোল, দ্বিতীয় গোল মাত্র চার মিনিটের মধ্যেই। ইউরোপের বিশ্বকাপ বাছাইয়ে এত দ্রুত জোড়া গোলের কীর্তি আর কারও নেই। ৪৭ মিনিটে পেয়েছেন হ্যাটট্রিক, ‘পোকার’ পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে ৬৮ মিনিট পর্যন্ত। পর্তুগালের হয়ে অন্য দুটি গোল করেছেন জোয়াও ক্যানসেলো ও আন্দ্রে সিলভা।
এই জয়ের পরও বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের গ্রুপে পর্তুগাল আছে তিনে। পরের ম্যাচ যাদের সঙ্গে, সেই ফারো আইল্যান্ড এখন আছে পয়েন্ট তালিকার দুইয়ে। রোনালদো ওই ম্যাচ তো বটেই, বাছাইপর্বের বাকি সব ম্যাচ জেতাকেই পাখির চোখ করছেন, ‘সুইজারল্যান্ড ও ফারো আইল্যান্ড আজ জিতেছে। ওদের তাই আমাদের হারাতেই হবে। এখনো আট ম্যাচ বাকি আছে। আমরা সবগুলোই জিততে চাই।’ এএফপি।
এক নজরে
পর্তুগাল ৬: ০ অ্যান্ডোরা
হাঙ্গেরি ২: ৩ সুইজারল্যান্ড
বেলজিয়াম ৪: ০ বসনিয়া হার্জেগোভিনা
গ্রিস ২: ০ সাইপ্রাস
হল্যান্ড ৪: ১ বেলারুশ
ফ্রান্স ৪: ১ বুলগেরিয়া
লুক্সেমবার্গ ০: ১ সুইডেন
এস্তোনিয়া ৪: ০ জিব্রাল্টার
* স্বাগতিক দল প্রথমে