রোনালদো বশীকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মুহূর্তে ম্যানচেস্টার সিটির সবচেয়ে বড় চিন্তা সম্ভবত কীভাবে ক্রিস্টিয়ানো রোনালদোকে আটকানো যায়! চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে কাল রোনালদোর রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে সিটি। তবে ভাবা যাঁর কাজ, সেই ম্যানুয়েল পেলেগ্রিনি সিটি সমর্থকদের দিচ্ছেন ভরসা। চিলিয়ান কোচের বিশ্বাস, তিনি রোনালদো বশীকরণ মন্ত্র জানেন! বিশ্বাসটা আসছে অতীত অভিজ্ঞতা থেকে। ভিয়ারিয়ালের কোচ থাকার সময় চ্যাম্পিয়নস লিগে চারবার রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিলেন পেলেগ্রিনি। শুধু রোনালদো নন, সেই দলে ছিলেন নিস্টলরয়-রুনি-গিগস-স্কোলসরাও। তো চার ম্যাচের ফল কী ছিল? চারটাই গোলশূন্য ড্র! তবে সেই রোনালদো আর এই রোনালদো এক নন। সেটি বেশ ভালোভাবেই জানেন পেলেগ্রিনিও। রিয়ালে রোনালদোর প্রথম মৌসুমে কোচ যে ছিলেন তিনিই! গোলডটকম।