রোনালদো-বেলের গোলের পরও জয় পেল না রিয়াল

এ ম্যাচে জয় পেলেও লাভ নেই, লিগ শিরোপা জেতা হবে না। আবার হারলেও ক্ষতি নেই, আগামী চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত হয়ে গেছে। গতকাল ভিয়ারিয়াল ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য ছিল বেশ অদ্ভুত এক ম্যাচ। এমন ম্যাচ থেকেও চাইলে প্রাপ্তি খুঁজে নিতে পারেন কোচ জিনেদিন জিদান, দলের মূল দুই গোলদাতা গোল পেয়েছেন। সে সঙ্গে মুফতে পেয়েছেন দুশ্চিন্তাও, এমন ম্যাচেও যে ২-২ গোলে ড্র করেছে তাঁর দল।
এ ম্যাচ নিয়ে যদি কোনো আগ্রহ জন্মে থাকে, সেটা আগামী শনিবার নিয়ে। সেদিন কিয়েভে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলবে রিয়াল। সে ম্যাচের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছিল এ ম্যাচকে। কালকের দল নির্বাচনেও সে ছাপ রইল, এ মৌসুমে এই ধরনের ম্যাচে সাধারণত অনেক পরীক্ষা–নিরীক্ষা করতেন জিদান। কাল কিয়েভে খেলবেন, এমন নয়জনকেই নামালেন কোচ। শুধু গোলরক্ষক কেইলর নাভাসের জায়গায় দলে ঢুকেছেন জিদান।
না, কোচ নিজেই নেমে পড়েননি। ভিয়ারিয়াল ম্যাচ দিয়েই রিয়ালের জার্সি গায়ে তৃতীয় জিদানের দেখা মিলল। বাবা জিনেদিন ও ভাই এনজোর পর কাল রিয়ালের হয়ে অভিষেক হলো লুকা জিদানের। বাবা ও ভাইয়ের মতো মিডফিল্ডার না হয়ে গোলরক্ষক হওয়াতেই রিয়াল অভিষেকে এত দেরি হলো তাঁর। ২০ বছর বয়সী লুকাকে প্রথমার্ধে কিছুই করতে হয়নি। রিয়ালের দুর্দান্ত আক্রমণভাগই ম্যাচ নিয়ন্ত্রণ করেছে ওই সময়।
৩২ মিনিটে ইসকোর পা ঘুরে আসা এক বল থেকে দুর্দান্ত ক্রস করেছেন মার্সেলো। সেটা থেকে দারুণ এক হেডে কিয়েভের প্রস্তুতি সেরে নিয়েছেন ক্রিস্টিয়ানা রোনালদো। তবে জিদানকে কিয়েভের একাদশ নিয়ে চিন্তায় ফেলা ঘটনাটি ১১ মিনিটে। লুকা মডরিচের ডিফেন্সচেরা পাস দারুণ ডামি করে বক্সে ঢুকে যান গ্যারেথ বেল। এরপর দুর্বল ডান পা দিয়েই দুরূহ কোণে বল পাঠিয়ে দুর্দান্ত ফর্মটা ধরে রাখার কথাই জানিয়েছেন বেল। ম্যাচ শেষে জিদানকেও সেটা স্বীকার করে নিতে হয়েছে, ‘সে কখনো হাল ছাড়েনি এবং এখন সে অনেক গোল করছে। এ মুহূর্তে ও যা করছে এবং দলে ওর ভূমিকায় আমি খুশি।’

প্রথমার্ধের এ দুই গোলে এগিয়ে যাওয়ার পরও জেতা হয়নি রিয়ালের। দ্বিতীয়ার্ধের শেষভাগে ১৪ মিনিটের মধ্যে দুই গোল খেয়ে বসে রিয়াল। ৭১ মিনিটে রজার মার্টিনেজের গোলে অবশ্য রিয়ালের রক্ষণ কিংবা লুকার কোনো দোষ দেওয়া যায় না। গোলার মতো এক শট বাঁ পোস্টের কোনায় পাঠিয়েছেন মার্টিনেজ। তবে ৮৫ মিনিটে কাস্তিয়েহোর গোলে রিয়াল রক্ষণ পুরো অসহায় অবস্থায় ফেলে যায় লুকাকে। এগিয়ে গিয়েও কাস্তিয়েহোর কাছ থেকে বল কেরে নিতে পারেননি লুকা।
এর আগেই অবশ্য রোনালদো, ইসকো ও মডরিচ মাঠ ছেড়েছেন। তাঁদের বদলি হিসেবে বেনজেমা ও লুকাস ভাসকেজকে নামিয়ে কিয়েভের একাদশ নিয়ে আবার ধন্দে ফেলে দিয়েছেন জিদান। ফাইনালের একাদশ যে আড়াল করতেই চাইছেন, সেটা জিদানও স্বীকার করলেন, ‘আমরা প্রস্তুত এবং আমাদের কোনো চোটাঘাত নেই—এটাই গুরুত্বপূর্ণ। আমরা ফাইনাল খেলতে প্রস্তুত এবং এখানেই শেষ (কথার)। আমি ফরমেশন কিংবা কোন দল বেছে নেব, এ নিয়ে কথা বলব না।’
দল নিয়ে কথা না বললেও আগামী কদিন সালাহ-মানে-ফিরমিনোর লিভারপুলের বিপক্ষে এ রক্ষণ নিয়ে অনেক কথাই হয়তো বলতে হবে জিদানকে।