রোনালদো ভালো অধিনায়ক নন!

ক্রিস্টিয়ানো রোনালদো অনেক ভালো খেলোয়াড় হতে পারেন, অনেক ভালো গোল করতে পারেন কিন্তু অধিনায়ক হিসেবে? এ ক্ষেত্রে কম নাম্বারই পাবেন সিআর সেভেন। কে ‘বিচার’ করলেন রোনালদোকে? আর কেউ নন, পতুর্গিজ উইঙ্গারেরই সাবেক গুরু পাওলো বেন্তো।
কদিন আগে বরখাস্ত হওয়া এ পতুর্গাল কোচের চোখে অধিনায়ক হিসেবে রোনালদোর চেয়েও জোয়াও মুতিনহো ঢের ভালো। রোনালদোকে ঠিক খারাপ অধিনায়ক তিনি সরাসরি বলেননি। তবে এটা বলেছেন, অধিনায়ক হিসেবে কাউকে বেছে নিতে হলে রোনালদোর কথা পরেই ভাববেন বেন্তো।
২৯ বছর বয়সী রিয়াল তারকার হাতে প্রথম অধিনায়কের বাহুবন্ধনী তুলে দেওয়া হয় ২০০৮ সালে। ২০১০ সালে বেন্তো পতুর্গালের দায়িত্ব নেওয়ার পরও এ দায়িত্বে ছিলেন রোনালদো। খেলোয়াড় হিসেবে পর্তুগিজ ফরোয়ার্ডের পারফরম্যান্সে তুষ্ট হলেও তাঁর অধিনায়কত্বে মনে হচ্ছে খুশি নন বেন্তো।
সাবেক পর্তুগাল কোচ বললেন, ‘বহু অভিজ্ঞ মানুষের সঙ্গে কাজ করেছি। কয়েক বছর আগের তুলনায় রোনালদো এখন অনেক পরিপক্ব। খেলেয়াড় হিসেবে সে দুর্দান্ত। দারুণ পেশাদার। কোচ হিসাবে ১০ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, যত খেলোয়াড় নিয়ে কাজ করেছি, তার মধ্যে সে-ই সেরা। তবে যদি এর মধ্যে একজনকে অধিনায়ক হিসেবে বেছে নিতে বলা হয়, তবে বেছে নেব মুতিনহোকে। সেটা তার মান, পেশাদারি ও কোচের ভাবনা বোঝার দারুণ দক্ষতার জন্যই। স্পোর্টিংয়ে থাকার সময় ওর সঙ্গে কাজ করেছি। ফলে এ ক্ষেত্রে আমার অভিজ্ঞতা সুবিবেচনাপূর্ণই।’ সূত্র: গোলডটকম।