রোনালদো, মেসি, না নয়্যার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফা–ব্যালন ডি’অর ২০১৪
ফিফা–ব্যালন ডি’অর ২০১৪

ক্রিস্টিয়ানো রোনালদো? লিওনেল মেসি? নাকি ম্যানুয়েল নয়্যার?
জুরিখের ঝলমলে মঞ্চে আজ রাতে সবচেয়ে বড় প্রশ্ন এটাই। জবাবটা ওই মঞ্চেই পাওয়া যাবে। তবে তার আগ পর্যন্ত একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মনেও। কে পাবেন গত বছরের পারফরম্যান্সের সর্বোচ্চ ব্যক্তিগত স্বীকৃতি? ফিফা-ব্যালন ডি’অরের সোনালি ট্রফিটা যাবে কার হাতে?
একটা বড় অংশ বলছেন, ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকমের পাঠকদের শতকরা ৫৭.২ ভাগ ভোট পড়েছে পর্তুগিজ উইঙ্গারের বাক্সে। গার্ডিয়ান কিংবা ইনডিপেনডেন্ট-এর মতো ব্রিটিশ দৈনিকগুলোর জরিপেও রোনালদো এগিয়ে। ব্যালন ডি’অরের সিংহাসন থেকে চার বছর পর মেসিকে সরিয়ে গত বছর রাজমুকুট পরেছিলেন রোনালদো। তারপর পুরো বছরটা এত অসাধারণ কাটিয়েছেন যে আজ তাঁকে আবারও সেই ট্রফি হাতে দেখাটাই সবচেয়ে স্বাভাবিক বলে মনে হচ্ছে। কিন্তু মেসি কি বিনা যুদ্ধে হার মেনে নেওয়ার পাত্র! বছরজুড়ে তিনিও রোনালদোর সঙ্গে পাল্লা দিয়ে গোল করেছেন। পাল্লা দিয়ে চলেছে দুজনের রেকর্ড গড়া আর মাইলফলক ছোঁয়ার খেলাও। শেষ পর্যন্ত গোলের পরিসংখ্যানে খুব বেশি ব্যবধান নেই দুজনের। ক্লাব ও দেশের হয়ে ২০১৪ সালে ৬০ ম্যাচে ৬১ গোল করেছেন রোনালদো, করিয়েছেন ২২টি। অন্যদিকে এই সময়ে ৬৬ ম্যাচে মেসির গোল ৫৮, সতীর্থদের বানিয়ে দিয়েছেন ২১টি গোল। তবে দলগত অর্জনে এগিয়ে রোনালদোই। রিয়ালের হয়ে গত বছর চারটি শিরোপা জিতেছেন পর্তুগিজ উইঙ্গার। অন্যদিকে আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়া মেসি নিজে গোল্ডেন বল জিতলেও ক্লাব কিংবা দেশের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি গত বছর।
এ তো গেল মেসি রোনালদোর কথা। ব্যালন ডি’অর নিয়ে আলোচনা-বিতর্কে এই দুই মহারথীর ছায়ায় ঢাকা পড়ে থাকলেও অনেকেই কিন্তু এবার ট্রফি দেখছেন নয়্যারের হাতে। গোলরক্ষক বলে তাঁর পারফরম্যান্সটা মেসি-রোনালদোর পারফরম্যান্সের সঙ্গে তুলনা করা কিছুটা কঠিন। গত বছর ৬৫ ম্যাচ খেলে ৩২টি ‘ক্লিন শিট’ রেখেছেন বায়ার্ন মিউনিখ ও জার্মানির গোলরক্ষক। তার মানে, গড়ে প্রতি দুই ম্যাচের একটিতে গোল না খেয়ে থেকেছেন নয়্যার। জার্মান কোচ জোয়াকিম লোর ভাষায়, ‘সে গোলকিপিং ব্যাপারটাকে নতুন মাত্রা দিচ্ছে প্রতিনিয়ত।’ নয়্যার ছাড়া অন্য কেউ ব্যালন ডি’অর পেলে তিনি যে খুব হতাশ হবেন সেটাও বলে দিয়েছেন স্পষ্ট করে। গত বছর ফুটবলের সবচেয়ে বড় দলগত ট্রফি বিশ্বকাপ জিতেছেন নয়্যার, হয়েছেন বিশ্বকাপের সেরা গোলরক্ষকও। বায়ার্ন মিউনিখের হয়ে জিতেছেন বুন্দেসলিগা ও জার্মান কাপ। তবে ব্যালন ডি’অরের ইতিহাস বলছে, এত কিছুর পরও একজন গোলরক্ষকের এ ট্রফি জেতা কিছুটা কঠিন। ১৯৬৩ সালে লেভ ইয়াসিন ছাড়া আর কখনো কোনো গোলরক্ষক ব্যালন ডি’অর জিততে পারেননি। গত কয়েক দশকের মধ্যে সেরা তিনে ছিলেন শুধু জিয়ানলুইজি বুফন (২০০৬ সালে দ্বিতীয়) ও অলিভার কান (২০০২ সালে তৃতীয়)।
এবার নয়্যার কি পারবেন ‘লেভ ইয়াসিন’ হতে? এএফপি, রয়টার্স।

মেসি, রোনালদো নয়, আমার পছন্দ নয়্যার। এবার এটা তারই পাওনা।
ডিয়েগো ম্যারাডোনা
বিশ্বকাপজয়ী দলের কারও পাওয়া উচিত। আমি চার বছর আগেও বলেছিলাম, স্পেনের কারও জেতা উচিত ছিল। এবার বলছি, জার্মানির কারও জেতা উচিত।
মিশেল প্লাতিনি
রোনালদো গত বছর যা করছে তা অবিশ্বাস্য। সে যেভাবে গোল করছে তা আমার কিংবা আমার আগের সময়ে চিন্তা করাও যেত না। এটা তাই তারই প্রাপ্য।
রোনালদো (ব্রাজিল)
মেসি-রোনালদো দুজনই অসাধারণ ফুটবলার। কিন্তু বিশ্বকাপ বিবেচনায় নয়্যারকেই আমার পছন্দ।
জিকো
আমি তো মেসি ছাড়া অন্য কাউকে ট্রফি হাতে দেখছি না
আন্দ্রেস ইনিয়েস্তা