রোনালদো-মেসিদের ভিড়েও তাঁদের ভোলেননি কেউ কেউ
ফুটবল গোলের খেলা। ফিফা ‘বেস্ট’ ছেলেদের বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তিনজনের তালিকা দেখলেই তা বোঝা যায়। তিনজনই আক্রমণভাগের খেলোয়াড়। এমন নয় যে বিষয়টি এই প্রথম। আগেও হয়েছে, ভবিষ্যতেও তা দেখা যাবে। ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তিনজনের তালিকায় ডিফেন্ডাররা জায়গা করে নিতে পারেন কালেভদ্রে। আর জয়? সর্বশেষ কোন ডিফেন্ডার এই পুরস্কার জিতেছিলেন, তা নিয়ে অনেকেই গবেষণায় বসতে পারেন। পরিশ্রম কমিয়ে দেওয়া যাক—২০০৬ সালে ফাবিও কানাভারো। ফিফা বর্ষসেরা পুরস্কারজয়ী একমাত্র ডিফেন্ডার!
গোলের এই খেলা যে শুধু সমর্থকদেরই পছন্দ, তা কিন্তু নয়। বর্ষসেরা বাছাই করেন যাঁরা, তাঁদের কাছেও আক্রমণভাগের খেলোয়াড়েরা প্রাধান্য পেয়ে থাকেন। তাই বলে রবার্ট লেভানডফস্কিকে যে খাটো করে দেখা হচ্ছে, তা ভাবার কোনো কারণ নেই। লেভা এবার ‘বেস্ট’ পুরস্কার না জিতলেই বরং অবাক হতেন সবাই। বাকি দুই প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির চেয়ে গত মৌসুমে লেভার সাফল্য ও গোলসংখ্যা বেশি। বর্ষসেরা বাছাই করতে যাঁরা ভোট দিয়েছেন, তাঁরাও লেভার সাফল্যের প্রতি সুবিচার করে তাঁকে বেছে নিয়েছেন সবচেয়ে বেশি। এমনকি সংবাদমাধ্যম ও ভক্তদের বাদ দিলে যাঁরা মাঠের মানুষ—অর্থাৎ কোচ এবং অধিনায়কদের কাছেও লেভা প্রাধান্য পেয়েছেন সবচেয়ে বেশি।
এবার সেরার তালিকায় দুজন ডিফেন্ডার ছিলেন। একজন ফিফা বেস্টের যুগের একমাত্র ডিফেন্ডার, যিনি সেরা তিনে জায়গা করতে পেরেছেন, লিভারপুলের ভার্জিল ফন ডাইক। অন্যজন রিয়াল মাদ্রিদের সের্হিও রামোস, যিনি ফিফার বর্ষসেরা দলে ডিফেন্ডার হিসেবে জায়গা পাকা করে রেখেছেন। এই দুই ডিফেন্ডারকে কি কারও চোখে বর্ষসেরা ছিলেন?
সংক্ষিপ্ত ১১ জনের তালিকা থেকে তা তিনজনে নামিয়ে আনা হয়েছিল। অর্থাৎ ভোট দেওয়ার সুযোগ ছিল ১১ জনের মধ্য থেকে। নানা দেশের কোচ ও অধিনায়কদের কাছে এই তালিকার মধ্য থেকে লেভাকে ভোট দেওয়ার হার সবচেয়ে বেশি। এর বাইরে মেসি, রোনালদো, সাদিও মানে, মোহাম্মদ সালাহ ও থিয়াগো আলকানতারাদের ভোট পাওয়ার হার উল্লেখযোগ্য পরিমাণে। এই তালিকায় সবেধন নীলমণি দুই ডিফেন্ডারের একজন লিভারপুলকে ৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ জিতিয়েছেন। আরেকজন রক্ষণ সামলে দলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও ছিলেন!
হ্যাঁ। লেভার ভোটসংখ্যার তুলনায় তাঁদের (কোচ ও অধিনায়কদের) ভোটপ্রাপ্তি ‘গোলিয়াথের সামনে ডেভিড’ বলে মনে হলেও দুই ডিফেন্ডারকে একেবারে খালি হাতে ফিরতে হয়নি। গোলের এ খেলায় এখনো কারও কারও কাছে রক্ষণভাগ গুরুত্বপূর্ণ। শুধু গুরুত্বপূর্ণ বললে ভুল হবে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলাই ভালো। কারণ প্রথম পছন্দ অর্থাৎ ‘বেস্ট’ ট্রফি জয়ের দাবিদার হিসেবে কেউ কেউ বেছে নিয়েছেন ডাইক ও রামোসকে!
কোচ ও অধিনায়কদের বিবেচনায় আনার কারণ তাঁরা মাঠের মানুষ। খেলাটা যত গভীরে গিয়ে বুঝতে পারেন, তা অন্য কারও পক্ষে ঠাহর করা বেশ কঠিন। কাদের ভোট পেয়েছেন দুই ডিফেন্ডার? আগেই জানিয়ে রাখা ভালো, ফুটবলে খুব বড় কোনো দেশের কোচ কিংবা অধিনায়কের ভোট তাঁরা পাননি। যেমন ধরুন, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের অধিনায়ক জুনিয়র গোরিয়েরের প্রথম পছন্দের ভোট পড়েছে রামোসের বাক্সে। আর কোনো অধিনায়ক তাঁকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেননি। তবে দুজন কোচ আছেন। মাদাগাস্কার ও সুইডেন কোচের প্রথম পছন্দের ভোট পড়েছে স্প্যানিশ ডিফেন্ডারের বাক্সে।
রামোসের তুলনায় ফন ডাইকের জনপ্রিয়তা বেশি। অন্তত কোচ ও অধিনায়কের ভোটের তালিকা দেখে কথাটা বলা যায়। কোচ ও অধিনায়ক মিলিয়ে মোট ১৪ জনের প্রথম পছন্দের ভোট পেয়েছেন লিভারপুল ডিফেন্ডার। এর মধ্যে অধিনায়ক চারজন—বাহরাইন, ব্রিটিশ–ভার্জিন দ্বীপপুঞ্জ, চেক প্রজাতন্ত্র ও সুরিনাম। বাকি ১০ জন কোচ। দেশগুলো দেখুন—অ্যান্টিগা ও বারমুডা, অস্ট্রেলিয়া, ফিজি, লাইবেরিয়া, মালদ্বীপ, মন্তসেরাত, নামিবিয়া, সুরিনাম, ফিলিপাইন ও টোগো।