রোনালদো-মেসির সঙ্গে বুফনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো,মেসি,বুফন
রোনালদো,মেসি,বুফন

বছরের এক-তৃতীয়াংশ হয়েছে মাত্র। এ বছর ব্যালন ডি’অর কে পাচ্ছেন, সেটা এখনই মূল্যায়ন করতে যাওয়াটা বাড়াবাড়ি। তবে সত্যটা হচ্ছে, শেষ পর্যন্ত বছরের এ সময়টার অর্জনই ব্যালন ডি’অরের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। ইউরোপের শীর্ষ লিগগুলো শেষ হবে এ মাসেই। সামনের মাসের প্রথম সপ্তাহে হয়ে যাবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালও। এসবের ওপরই হবে ব্যালন ডি’অরের মূল্যায়ন।
এখন পর্যন্ত তাহলে কারা এগিয়ে ব্যালন ডি’অরের দৌড়ে? চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারানো আর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালে পারফরম্যান্সের পর ক্রিস্টিয়ানো রোনালদোর নামটা আসেই। লা লিগায় এ মৌসুমে কিছুটা ম্লান হলেও শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ শিরোপা জিতলে সেটা রোনালদোর অর্জনের পাল্লাটাও ভারী করবে নিঃসন্দেহে। এরপর রিয়াল যদি জেতে চ্যাম্পিয়নস লিগও, এ বছরের ব্যালন ডি’অর রোনালদো ছাড়া অন্য কাউকে দেওয়া কষ্টকর হবে।
মৌসুমজুড়েই লিওনেল মেসি আলো ছড়িয়েছেন। তবে সর্বশেষ এল ক্লাসিকোতে তাঁর অবিশ্বাস্য পারফরম্যান্স এবার ব্যালন ডি’অরের অন্যতম ফেবারিট করে তুলেছে তাঁকে। চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে বার্সেলোনা। তবে নাটকীয়ভাবে শেষ পর্যন্ত যদি তারা লা লিগা জিতে যায়, সেটির প্রভাব থাকবে মেসির ব্যালট বাক্সেও।
বার্সেলোনা ও মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে দারুণ খেলেছেন জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। তাঁর দল সিরি ‘আ’ জিততে চলেছে, এ নিয়ে সন্দেহ সামান্যই। সঙ্গে যদি চ্যাম্পিয়নস লিগের ট্রফিটাও আসে, বুফনকে সেরা তিনের বাইরে রাখা কঠিন হবে। তবে ম্যানুয়েল নয়্যার বছর দুয়েক আগে সেরা তিনে থেকেও যখন জিততে পারেননি, তখনই বোঝা গেছে গোলরক্ষক হয়ে ব্যালন ডি’অর জেতাটা কতটা কঠিন! সেই ১৯৬৩ সালে গোলরক্ষক হিসেবে সর্বশেষ ব্যালন ডি’অর জিতেছিলেন লেভ ইয়াসিন।
এর বাইরে বছরের এ পর্যন্ত পারফরম্যান্স ধরলে ব্যালন ডি’অরের সেরা দশে থাকার দাবিদার নেইমার, লুইস সুয়ারেজ, এডেন হ্যাজার্ড, এনগোলো কান্তে, আঁতোয়ান গ্রিজমান, কিলিয়ান এমবাপ্পেও।
আগামী মাসে রাশিয়ায় কনফেডারেশনস কাপ আছে। সেখানে রোনালদোও খেলবেন পর্তুগালের হয়ে। দেশের হয়ে পারফর্ম করে তাই পর্তুগিজ উইঙ্গারের সুযোগ থাকছে বাকিদের চেয়ে আরও এগিয়ে যাওয়ার। একইভাবে পর্তুগালের হয়ে রোনালদোর ব্যর্থতা সুযোগ বাড়িয়ে দিতে পারে তাঁর প্রতিদ্বন্দ্বীদের। মার্কা।