রোনালদো যখন বুফনের ভয়
হতে পারে জিয়ানলুইজি বুফন এবার চ্যাম্পিয়নস লিগে মাত্র তিনবার নিজের জালে বল ঢুকতে দেখেছেন, তবে আজ ফাইনালে তাঁর একটা ভয় থাকবে। ভয়ের নাম ক্রিস্টিয়ানো রোনালদো! ক্লাব ফুটবলে যে চারবার বুফনের মুখোমুখি হয়েছেন, চারবারই গোল করেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
২০১৩-১৪ মৌসুমের গ্রুপপর্ব দিয়ে শুরু। প্রথম ম্যাচে ঘরের মাঠে জুভেন্টাসকে ২-১ গোলে হারানোর ম্যাচে রিয়ালের দুটি গোলই করেছেন রোনালদো। সেই ম্যাচটিই ছিল আবার বুফন আছেন, এমন কোনো দলের বিপক্ষে ক্যারিয়ারে রোনালদোর প্রথম জয়। সেবার গ্রুপের অন্য ম্যাচে জুভের মাঠে ২-২ গোলে ড্র ম্যাচেও একটি গোল করেন ‘সিআর৭’। বুফনের বিপক্ষে গোল করার অভ্যাসটা চালু রইল পরের মৌসুমেও, ২০১৪-১৫। এবার রিয়াল-জুভ মুখোমুখি সেমিফাইনালে, দুই লেগ মিলিয়ে রিয়াল ৩-২ গোলে হেরে গেলেও নিজেদের ও জুভেন্টাসের মাঠে একটি করে গোল করেছেন রোনালদো।
আজ পুরো নিরপেক্ষ মাঠে ‘পাঁচে পাঁচ’ হবে রোনালদোর? নাকি এবার হাসবেন বুফন? উয়েফা।