রোনালদো যখন রিয়ালের ত্রাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য নেম ইজ রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো! কাল গোলের পর। ছবি: এএফপি
দ্য নেম ইজ রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো! কাল গোলের পর। ছবি: এএফপি

প্লেবয়ের খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন। না হলে এক সময় তাঁর ভীষণই নারীপ্রীতি ছিল। আর ছিল গাড়িপ্রীতি। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে এখনো শোভা পায় বিশ্বের দামি দামি সব স্পোর্টস কার। কিন্তু রোনালদো সব থেকে বেশি ভালোবাসেন গোল করতে। এই তো কদিন আগে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন, এক ম্যাচে তো আবার চার গোল। কিন্তু কখনো কখনো এমন সময় আসে, রাশি রাশি গোলের চেয়েও একটা গোল হয়ে যায় মহা মূল্যবান। কাল রাতে এল তেমনই একটা গোল, সেটিও পেনাল্টি থেকে। রোনালদোর সেই গোলই মুক্তির পথ দেখাল রিয়ালকে। না হলে কোথাকার কোন লুদোগোরেৎস কিনা অঘটনের চোখ রাঙানি দিচ্ছিল রিয়ালকে!
ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে সবাইকে চোখ কচলে দ্বিতীয়বার স্কোর লাইনের দিকে তাকাতে বাধ্য করানোর মতো ঘটনা ঘটিয়েছিল বুলগেরিয়ার ক্লাবটা। শুরুতেই স্কোর লাইন ১-০, তবে সেটা রিয়ালের পক্ষে নয়। মাত্র ১৩ বছর আগে প্রতিষ্ঠিত ক্লাবটি আরও কয়েকবার যেখানে রিয়ালের রক্ষণে ভয়ের কাঁপন ধরিয়ে দিল, সে সময় রিয়ালের তারকা আক্রমণভাগ সুযোগ হাতছাড়া করার মিছিলে। সেই মিছিলে ছিলেন রোনালদো নিজেও। সেটিও কিনা পেনাল্টি মিস! বাতিলও হয়ে গিয়েছিল তাঁর আরেকটি গোল। তবে কি রাতটা অঘটনের? না, শেষ পর্যন্ত ওই পেনাল্টি থেকেই রোনালদো ফেরালেন সমতা, ২৬ মিনিটে। রিয়ালের আক্রমণভাগকে তাতিয়ে দেওয়ার মন্ত্রও যেন ফুঁকে দিলেন। ৭৭ মিনিটে করিম বেনজেমার গোলে জিতল বর্তমান চ্যাম্পিয়নরা।
রিয়াল শুধু বর্তমান চ্যাম্পিয়ন বলেই নয়, লুদোগোরেৎসের সঙ্গে কোনোভাবেই তুলনা চলে না। ১১২ বছরের সোনালি ইতিহাস রিয়ালের। আর লুদোগোরেৎসের বয়স রিয়াল অধিনায়ক ক্যাসিয়াসের ক্যারিয়ারের চেয়েও কম! শিরোপার হিসাব বাদই দিন। সান্তিয়াগো বার্নাব্যুর দর্শক ধারণক্ষমতা ৮১ হাজারেরও বেশি। আর লুদোগোরেৎসের মাঠের দর্শক ধারণক্ষমতা সাড়ে ছয় হাজার!
এমন একটা ক্লাবের বিপক্ষে এমন জয়? কার্লো আনচেলত্তি কিন্তু তবুও তৃপ্ত। তিন পয়েন্টটাই যে সবচেয়ে বড় কথা, ‘ফলটা শেষ পর্যন্ত আমাদের জন্য ভালোই হলো। পিছিয়ে পড়েও সমতা ফিরিয়েছি, এরপর এগিয়েও গিয়েছি। আরও গোল হয়তো পেতে পারতাম। কিন্তু সব মিলে আমি তৃপ্তই।’ আর স্বাভাবিকভাবেই লুদোগোরেৎসের কোচের কণ্ঠে দৈত্য-বধের সুযোগ হাতছাড়ার আক্ষেপ, ‘ম্যাচটা ভালো ছিল। তবে আমাদের জন্য তা আরও ভালো হতে পারত।’
কালকের গোলে আবারও লিওনেল মেসিকে পেছনে ফেললেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগে তাঁর গোল হয়ে গেল ৬৯টি, মেসির চেয়ে একটি বেশি। চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রাউলের রেকর্ডটা (৭১ গোল) কে আগে ভাঙেন, বলা সত্যিই কঠিন। এ নিয়ে দারুণ এক রোমাঞ্চই যেন জমে উঠেছে। সূত্র: এএফপি, রয়টার্স।