রোনালদো যেখানে অনন্য

ছয় বছর আগে যখন বার্নাব্যুতে পা রেখেছিলেন, কে ভেবেছিল ক্রিস্টিয়ানো রোনালদো একদিন সব গোলের রেকর্ড নিজের করে নেবেন? রিয়াল মাদ্রিদের সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা পরশু নিজের করে নিয়েছেন। তবে লা লিগায় একদিক দিয়ে রোনালদো অনন্যই। অন্তত ১০০ গোল করেছেন, এমন ফুটবলারদের মধ্যে আর কারও ম্যাচের চেয়ে বেশি গোল করার কীর্তি নেই!
শুধু রাউলের সঙ্গে তুলনা করলেই রোনালদোর রেকর্ডটা অতিমানবীয় মনে হবে। লা লিগায় ২২৮ গোল করতে রাউল যেখানে ম্যাচ খেলেছেন ৫৫০টি, রোনালদোর ২৩১ গোলের জন্য ম্যাচ খেলতে হয়েছে মাত্র ২০৮টি! রাউল যেখানে ১৬ বছর খেলে এই গোল করেছেন, রোনালদো সেটি ছাড়িয়ে গেছেন মাত্র ছয় বছরেই।
যাঁর সঙ্গে তুলনাটা হয় অহর্নিশ, সেই লিওনেল মেসিকেও এখানে ছাপিয়ে গেছেন রোনালদো। লা লিগায় মেসি ২৮৯ গোল পেতে খেলেছেন ৩২১টি ম্যাচ, ম্যাচপ্রতি গড় ০.৯০। রোনালদোর ক্ষেত্রে সেই গড় ১.১১! যাঁকে ছাপিয়ে লা লিগার সবচেয়ে বেশি গোলের রেকর্ড মেসি নিজের করে নিয়েছেন, সেই অ্যাথলেটিক বিলবাও কিংবদন্তি তেলমো জারাও মেসির সঙ্গে একই সমতলে। দুজনেরই গড় ০.৯০। আর রাউলের গড় কত সেটিও হিসাব করে নিন। ম্যাচপ্রতি ০.৪১ গোল নিয়ে অনেকটাই পিছিয়ে সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার।
রিয়াল মাদ্রিদে ম্যাচপ্রতি গোলের হিসাবে রোনালদোর কাছাকাছি নামটি ফেরেঙ্ক পুসকাসের। হাঙ্গেরির হয়ে যেমন, রিয়ালের হয়েও ‘গ্যালপিং মেজরে’র গোল করার হারটা দুর্দান্ত। আট বছরের রিয়াল-অধ্যায়ে ১৫৬ গোল করেছেন ১৮০ ম্যাচে, গড় ০.৮৭। গোলগড়ের তালিকায় যিনি পাঁচে আছেন, সেই ভ্যালেন্সিয়া কিংবদন্তি এডমুন্ডো সুয়ারেজের ম্যাচপ্রতি গোল ০.৮৪। আরও একটা দিক দিয়ে সুয়ারেজ বাকি চারজনের চেয়ে ব্যতিক্রম। লা লিগায় রোনালদো, মেসি, জারা ও পুসকাস শুধু একটি ক্লাবের হয়েই নিজেদের সব গোল করেছেন। আলকোয়ানোর হয়ে ক্যারিয়ারের একদম শেষ মৌসুমে নয় গোল না করলে সেই তালিকায় সুয়ারেজও থাকতে পারতেন।
লা লিগার সেরা পাঁচ
(ম্যাচপ্রতি গোলের হিসাবে)
গোল ম্যাচ গোল/ম্যাচ
ক্রিস্টিয়ানো রোনালদো (২০০৯-) ২৩১ ২০৮ ১.১১
লিওনেল মেসি (২০০৪- ) ২৮৯ ৩২১ ০.৯০
তেলমো জারা (১৯৪০-৫৫) ২৫১ ২৭৮ ০.৯০
ফেরেঙ্ক পুসকাস (১৯৫৮-৬৬) ১৫৬ ১৮০ ০.৮৭
এডমুন্ডো সুয়ারেজ (১৯৩৯-৫০) ১৯৫ ২৩১ ০.৮৪
* অন্তত ১০০ গোল করেছেন এমন খেলোয়াড়