রোনালদো যেন গবেষণাগারে তৈরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যামেরুনের সাবেক গোলরক্ষক টমাস এন’কোনোকে ১৯৯০ বিশ্বকাপে দেখে ভালো লেগে যায় তাঁর। গোলরক্ষক হওয়ার সিদ্ধান্ত তখনই নিয়ে ফেলেন। ৩৯ বছর বয়সে এসেও এই সময়ে ইতালির সেরা গোলরক্ষক তিনিই। সম্প্রতি স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে জিয়ানলুইজি বুফন জানিয়েছেন তাঁকে সবচেয়ে বেশি ভোগানো স্ট্রাইকার ব্রাজিলিয়ান রোনালদো
জিয়ানলুইজি বুফন
জিয়ানলুইজি বুফন


প্রশ্ন:
কেন গোলরক্ষক হলেন?

জিয়ানলুইজি বুফন: ছোটবেলায় একজন কিংবদন্তির ভক্ত ছিলাম। তিনি ক্যামেরুনের গোলরক্ষক টমাস এন’কোনো। ইতালিতে ১৯৯০ বিশ্বকাপে তাঁর খেলা দেখেছি। সেই বিশ্বকাপের পর ক্যামেরুন দলটি আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে।

প্রশ্ন: জুভেন্টাসে এতগুলো বছর কাটিয়ে দিলেন...

বুফন: আমি অধিকারের বিষয়টি পছন্দ করি। এই ধারণা থেকেই পার্মাতে ১০ বছর কাটিয়েছি। এখন জুভেন্টাসে ১৭ বছর। নির্দিষ্ট লোকেদের সঙ্গে কাজ করতে ভালোবাসি আমি। এসব কারণেই শেষ পর্যন্ত এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

প্রশ্ন: সাম্প্রতিক বছরগুলোয় ইউরোপের পরাশক্তি দলগুলোর সঙ্গে সমান তালে এগোচ্ছে জুভেন্টাস...

বুফন: জুভেন্টাসে খুব ভালো কিছু কর্মকর্তা আছেন। বর্তমানে ভালো করার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও এগোচ্ছেন তাঁরা।

প্রশ্ন: কার্ডিফে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কী হয়েছিল?

বুফন: প্রথমার্ধে ভালো খেলেছিলাম আমরা। একটু বেশিই আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম পুরো ৯০ মিনিটই এভাবে খেলতে পারব। আমরা ভেবেছিলাম মাঠে রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড়দের কাজটা কঠিন করে তুলতে পারব। তবে ওরা আমাদের চেয়ে শক্তিশালী ছিল এবং জয় ওদেরই প্রাপ্য ছিল। আমাদের জন্য এটা একটা শিক্ষা। আবার রিয়ালের মুখোমুখি হলে হয়তো ম্যাচটি অন্য ধাঁচে খেলব আমরা।

প্রশ্ন: আপনাকে সবচেয়ে বেশি ভোগানো স্ট্রাইকার কে?

বুফন: সবদিক থেকে আমাকে সবচেয়ে সমস্যায় ফেলা স্ট্রাইকারের নাম রোনালদো। ব্রাজিলের রোনালদো। সে ছিল নিখুঁত এক খেলোয়াড়। তার শক্তি, গতি, টেকনিক্যাল স্কিল; সবই দারুণ। বলটি কোথায় আসতে পারে আর তাঁকে কোথায় থাকতে হবে, সেটা সে আগেই বুঝতে পারত। সে ছিল বিস্ময়কর এক খেলোয়াড়। রোনালদো যেন গবেষণাগারে তৈরি।

প্রশ্ন: ফুটবলবিহীন জীবন কেমন হবে তা নিয়ে কি এখনই উদ্বিগ্ন আপনি?

বুফন: অবসর নিয়ে আমার কোনো ভয় নেই। কারণ আমি জীবন ভালোবাসি। ফুটবলের কাছে আমি ঋণী। কারণ ফুটবল আমাকে অসাধারণ অভিজ্ঞতা উপহার দিয়েছে।

প্রশ্ন: কোচ হলে কেমন হয়?

বুফন: না, এই মুহূর্তে কোচ হওয়ার কোনো ভাবনা আমার নেই। এই পেশাটা আসলে কঠিন আর চাপের।

প্রশ্ন: এই মৌসুমটি কি একটু অন্য রকম? জানেন যে এটাই আপনার শেষ মৌসুম।

বুফন: না, একেবারেই অন্য রকম নয়। ঠিকভাবে কাজ করে যেতে চাই আর এই মৌসুমে যে লক্ষ্য নির্ধারণ করেছি সেগুলো অর্জন করতে চাই।

প্রশ্ন: অপূর্ণ কোনো স্বপ্ন কি আছে?

বুফন: যেন সুস্থ জীবন কাটাতে পারি এবং বাচ্চাদের আর জীবনসঙ্গীর ভালোবাসা নিয়ে পারিবারিক জীবনটা সুন্দর হয়। প্রতিটি সকালই যেন শুভ হয়।

প্রশ্ন: ফুটবলবিহীন প্রথম দিনটি কেমন হবে বলে মনে করেন?

বুফন: সবচেয়ে ভালো বিষয় হচ্ছে সেই দিনটি আসবে গ্রীষ্মে। তখন ছুটি কাটানোর সময়।