রোনালদো-শায়াক মন-কষাকষি?

ক্যারিয়ারের প্রথম ছবি। সেই ছবির প্রিমিয়ারে ইরিনা শায়াক নিশ্চয়ই চাইছিলেন তাঁর কাছের মানুষটা উপস্থিত থাকুক। কিন্তু প্রেমিকার অভিষেক ছবির উদ্বোধনী প্রদর্শনী দেখার চেয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে বড় হয়ে গেল বন্ধুরা! চলে গেলেন লাস ভেগাসের পার্টিতে!
এ নিয়ে রোনালদো ও শায়াকের মধ্যে মন-কষাকষি চলছে বলেই গুঞ্জন। রোনালদোকে পাল্টা জবাব দিতে শায়াকও তাঁকে ছাড়াই আলাদা আরেকটি পার্টিতে গেছেন।
চার বছর ধরে প্রেম করছেন রোনালদো ও রুশকন্যা শায়াক। প্রেমের রাজ্যে যাযাবর রোনালদো এর আগে কখনোই কোনো সম্পর্কের ব্যাপারে এতটা ‘সিরিয়াস’ ছিলেন না। অনেক নারীর জীবনেই তিনি ক্ষণিকের অতিথি হয়ে এসেছেন। কিন্তু শায়াকের সঙ্গে রীতিমতো সংসার শুরু করেছেন রোনালদো।
সেই সংসারেই কি দেখা দিল টানাপোড়েন? তেমনটাই কিন্তু শোনা যাচ্ছে। শায়াকের সম্প্রতি হলিউড অভিষেক হয়েছে। ‘দ্য রক’খ্যাত সাবেক রেসলার ডোয়াইন জনসনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন গ্রিক পুরাণের চরিত্র নিয়ে নির্মিত ছবি দ্য হারকিউলিস-এ। ছবিতে মহাবীর হারকিউলিসের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন শায়াক।
কদিন আগে এই ছবিরই প্রিমিয়ার ছিল। কিন্তু রোনালদো সেই প্রিমিয়ারে শায়াককে একা পাঠিয়ে চলে যান প্রমোদনগরী লাস ভেগাসে। সেখানে বাস্কেটবল তারকা জে আর স্মিথের সঙ্গে একটি পার্টিতে দেখা যায় তাঁকে। সেই পার্টিতে যে বিকিনি পরিহিতা স্বল্পবসনারাও ছিলেন, এই তথ্য জানাতেও ভুলছে না ট্যাবলয়েডগুলো।
এ ঘটনা নিশ্চয়ই ভালো লাগেনি শায়াকের। তিনিও গত শনিবার রোনালদোকে ছাড়াই চলে যান মডেল শাড হোয়াইটের ৩০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আরেকটি পার্টিতে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই দুই ঘটনা দুজনের সম্পর্কে কতটা প্রভাব ফেলতে পারে? শায়াকের কাছের এক বন্ধু অবশ্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘ওরা এখনো এক সঙ্গেই আছে। আসলে প্রিমিয়ারের তারিখ ঠিক হওয়ার আগেই রোনালদো ভেগাসে যাওয়া ঠিক করে রেখেছিলেন। আর তা ছাড়া মাত্রই তো কদিন আগে দুজনই গ্রিসে দুই সপ্তাহের ছুটি কাটিয়েও এসেছে। এটা তেমন কোনো বিষয় নয়।’