রোনালদো-সানচেজদের ছাপিয়ে প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিএআরের কারণে গোল বাতিল হয়ে যাওয়ার পর রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়লেন চিলি মিডফিল্ডার আর্তুরো ভিদাল l এএফপি
ভিএআরের কারণে গোল বাতিল হয়ে যাওয়ার পর রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়লেন চিলি মিডফিল্ডার আর্তুরো ভিদাল l এএফপি

এক ম্যাচে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। অন্য ম্যাচে অ্যালেক্সিস সানচেজ ও আর্তুরো ভিদাল। দুই ম্যাচ মিলিয়ে গোলও হয়েছে ছয়টি। কিন্তু পরশু কনফেডারেশনস কাপের ম্যাচ দুটির পর ওসব যেন সবাই বেমালুম ভুলে গেছে। এত তারকা, এত এত গোল...সবকিছু ছাপিয়ে আলোচনায় কিনা প্রযুক্তি! এই কনফেডারেশনস কাপ দিয়েই প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্টে ফিফা ব্যবহার করছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিং (ভিএআর)।

আলোচনা হবে নাই-বা কেন? দুই ম্যাচেই যে বেশ কয়েকটি সঠিক সিদ্ধান্ত দিয়েছে ফিফার নতুন এই প্রযুক্তি। মেক্সিকোর সঙ্গে ২-২ গোলে ড্র ম্যাচটা গোলশূন্য থাকার সময়ই পর্তুগালের পেপের একটা গোল বাতিল হয় ভিএআরের মাধ্যমে। আর পরশু চিলি-ক্যামেরুন ম্যাচটা তো যেন চিলির স্ট্রাইকার এদুয়ার্দো ভারগাসের জন্য হলো পাওয়া আর হারানোর গল্প! প্রথমার্ধে তাঁর একটা গোল বাতিল করল ভিএআর, দ্বিতীয়ার্ধের শেষ দিকে আবার মাঠের রেফারি শুরুতে না দিলেও ভিএআরের ‘কল্যাণে’ই পেলেন গোল। ম্যাচটা চিলি জেতে ২-০ গোলে।

প্রথমার্ধের একেবারে শেষ দিকে ভিদালের পাস থেকে দুর্দান্ত গোলটি করেন ভারগাস। কিন্তু বাগড়া দেয় ‘বেরসিক’ ভিএআর প্রযুক্তি। রিপ্লেতে দেখা যায়, গোল করার আগে কয়েক মিলিমিটার অফসাইড ছিলেন ভারগাস। সিদ্ধান্তটা আসতে সময় লেগেছে এক মিনিটেরও বেশি! পুরো সময়টাতেই গ্যালারির দর্শক, এমনকি ফুটবলাররাও ছিলেন সংশয়ে।

চিলি কোচ হুয়ান আন্তোনিও পিজ্জি অবশ্য সংশয়টা মেনে নিয়েও প্রযুক্তির পক্ষেই বলছেন, ‘আমার মনে হয়, এই প্রযুক্তিটিকে কিছু সময় দিতে হবে। আগে দেখি, অপেক্ষা করি। আস্তে আস্তে যখন এটার সঙ্গে অভ্যস্ত হয়ে যাব, এটা আরও ভালো কাজ করবে।’ চিলির মিডফিল্ডার ভিদালই প্রথমার্ধে গোলটা বাতিল হওয়ার পর রেফারিদের সঙ্গে অনেকক্ষণ তর্ক করেছেন। ম্যাচ শেষে তিনিও অবশ্য প্রযুক্তিটার পক্ষেই বললেন, ‘সত্যি বলতে যখন মাঠে পুরো মনোযোগ থাকে এবং সিদ্ধান্তটা যখন বিপক্ষে যায়, তখন সেটা মেনে নেওয়া কঠিন। তবে দিন শেষে এটাই সঠিক সিদ্ধান্ত, আর এই পদ্ধতিটা ভালোই কাজ করবে।’

৮১ মিনিটে সানচেজের ক্রস থেকে ভিদালের হেডেই এগিয়ে যায় চিলি। আর যোগ করা সময়ে ভিএআরের সৌজন্যে চিলিয়ানরা পায় দ্বিতীয় গোল। ভারগাসের এই গোলটা অফসাইডের কারণে সহকারী রেফারি প্রথমে বাতিল করে দিলেও পরে ভিএআর জানায়, সেটি বৈধ।

চিলি জিতলেও পর্তুগালের সেই সৌভাগ্য হয়নি। রিকার্ডো কারেসমা ও সেড্রিক সোয়ারেসের গোলে দুবার এগিয়ে গিয়েও ড্র মানতে হয়েছে মেক্সিকোর হাভিয়ের হার্নান্দেজ ও হেক্টর মরেনো দুবারই সমতা ফেরানোয়। কিন্তু এখানেও আলোচনায় ভিএআর। প্রথমার্ধে মেক্সিকোর জালে বল জড়িয়ে দিয়েছিলেন পেপে। রেফারি গোলের বাঁশি বাজিয়ে দেন, পেপেও সতীর্থদের সঙ্গে উদ্‌যাপন শুরু করেন। কিন্তু বিভিন্ন কোণ থেকে করা ভিডিও দেখে প্রায় ৪০ সেকেন্ড পর সহকারী রেফারির সিদ্ধান্ত আসে মাঠের রেফারির কাছে। ওটা গোল নয়! পেপে অফসাইডে ছিলেন।

পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস হতাশা ব্যক্ত করেছেন পেপের ওই বাতিল হওয়া গোলটি নিয়েই, ‘এটাই নিয়ম করা হয়েছে। যদি এতে ফুটবলের ভালো হয়, তাহলে দুর্দান্ত। তবে এখন পর্যন্ত কেউই এটাকে ভালোভাবে কাজে লাগাতে পারেনি।’ ইএসপিএন, এএফপি।