রোনালদো সিটির হয়ে খেলবে, কল্পনাও করতে চাননি ফার্গুসন
পাঁচ ঘণ্টার চমক শেষে একটি কথা ছড়িয়েছিল। ওই যে, সবাই জানত ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার সিটিতেই যাচ্ছেন। হঠাৎ একটি গুঞ্জন ছড়াল, এত দিন আগ্রহ না দেখানো ম্যানচেস্টার ইউনাইটেডও রোনালদোকে পেতে আগ্রহী। দিন ফুরানোর আগেই ইউনাইটেড ঘোষণা দিল, রোনালদো ফিরছেন!
এরপরই খবর শোনা গেল, রোনালদো ম্যানচেস্টার সিটিতে যেতে পারেন—খবরটা শুনেই নাকি টনক নড়েছিল ইউনাইটেডের। রোনালদোর সাবেক সতীর্থরা সবাই ক্লাবকে চাপ দেওয়া শুরু করেন। তবে মূল কাজটা নাকি করেছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। রোনালদোকে সাবেক গুরু ফোন করে শুধু বলেছেন, ‘ভুলেও ওই সাহস কোরো না।’ অর্থাৎ ইউনাইটেডের কিংবদন্তি হয়ে সিটিতে যাওয়ার মতো দুঃসাহস যেন না দেখান রোনালদো। সেই ফোনের পরই নাকি রোনালদো আর সিটির ব্যাপারে এগোননি।
ফার্গুসন অবশ্য এমন কিছু বলেছেন বলে স্বীকার করেননি, শুধু বলেছেন, রোনালদোকে কোনোভাবেই সিটিতে দেখতে দিতে রাজি ছিলেন না তিনি।
১২ বছর পর ঘরে ফেরাটা দুর্দান্ত হয়েছে রোনালদোর। নিজে দুটি গোল করে ফেরাটা স্মরণীয় করেছেন। দলও ৪-১ গোলের বড় জয় পেয়েছে। এমন উজ্জ্বল এক দিন ওল্ড ট্রাফোর্ডে গ্যালারি থেকে দেখেন ফার্গুসন। ভায়াপ্লেকে ফার্গুসন বলেছেন, ‘রোনালদোকে ইউনাইটেডে ফেরানোর ব্যাপারে অনেকেই ভূমিকা রেখেছে। সে এখানে আসতে চায়, এটা জেনে আমিও কিছু অবদান রেখেছি এবং সেটা গুরুত্বপূর্ণ ছিল।’
জুভেন্টাস থেকে রোনালদোর বিদায় নিশ্চিত হয়েই গিয়েছিল। শুধু কোথায় যাচ্ছেন, সেটা নিয়ে ছিল কৌতূহল। ম্যানচেস্টার সিটির সঙ্গে কথা অনেক দূর এগিয়ে গিয়েছিল। কিন্তু রোনালদোর জন্য দলবদলের কোনো অঙ্ক দিতে রাজি হচ্ছিল না সিটি। জুভেন্টাসও তাঁকে মুফতে ছাড়তে রাজি হচ্ছিল না। পরে ম্যানচেস্টার ইউনাইটেড শর্ত সাপেক্ষে ২ কোটি ৩০ লাখ ইউরো দিয়ে রোনালদোকে নিয়ে গেছে।
দলবদলের শেষ দিকে এসে এভাবে রোনালদোকে কেনার সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, সেটা বলেছেন ফার্গুসন, ‘আমি বলব না এটা আবেগময় কোনো সিদ্ধান্ত। এটা রোমাঞ্চকর এবং কিছুটা হলেও স্বস্তিদায়ক, কারণ ও ম্যানচেস্টার সিটির হয়ে খেলছে এটা কল্পনাও করতে পারছি না। আমার মনে হয় না কেউই পারবে। এ কারণেই ও যেন এখানে আসে, সে ব্যবস্থা নিয়েছি আমরা। ক্লাব ওকে রাজি করাতে দারুণ কাজ দেখিয়েছে। আমি গ্লেজারদের (ক্লাবের মালিকপক্ষ) সঙ্গে কথা বলেছি এবং এরপর এটা হয়ে গেল। আমার ধারণা, তরুণ খেলোয়াড়দের ওপর ভালো প্রভাব রাখবে সে। বিভিন্ন পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা আছে ওর।’