রোনালদো-সূর্যকে কোন আঙুল দিয়ে আড়ালে ফেলবে রিয়াল?

রিয়াল মাদ্রিদ ছেড়েছেন রোনালদো। সময় যত গড়াবে, ততই মানিয়ে নিতে থাকবে রিয়াল। কিন্তু কতটুকু আর মানিয়ে নেওয়া যায়? যে খেলোয়াড় ৯ বছর ধরে একাই গোল করার দায়িত্বটা বুঝে নিয়েছিলেন, দলকে একাই বারবার বিপদমুক্ত করেছেন; তাঁকে ছাড়া খেলা কি এতটাই সহজ? কেইলর নাভাস যেন এই কথাটিই মনে করিয়ে দিলেন।
চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ম্যাচে সিএসকে মস্কোর বিপক্ষে খেলার ৬৫ সেকেন্ডে টনি ক্রুসের ভুল পাস থেকে গোল করেন নিকোলা ভ্লাসিচ। বক্সের মধ্যে নাভাসকে তেমন কোনো সুযোগ না দিয়ে গোল করতে ক্রোয়াট মিডফিল্ডারের কোনো সমস্যা হয়নি। চ্যাম্পিয়নস লিগে গত ১১ বছরের মধ্যে এটাই রিয়ালের দ্রুততম গোল হজম। বাকি ম্যাচে মস্কো শুধু সেই গোলকে রক্ষা করে গিয়েছে। পুরো ম্যাচে গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ।
চোটের কারণে দলে ছিলেন না ইসকো, গ্যারেথ বেল। তাঁদের ছাড়া করিম বেনজেমা, মার্কো এসেনসিও, দানি সেবায়োসদের নিয়েই একাদশ সাজিয়েছিলেন কোচ হুলেন লোপেতেগি। কিন্তু তাঁর পরীক্ষিত একাদশও কোনো গোল করতে পারেননি, দলের মূল ফরোয়ার্ড বেনজেমা তো কোনো শটই পোস্টে রাখতে পারেননি। এ ম্যাচের পরই রোনালদোর অভাবটা আরও ভালোভাবে টের পেয়েছে রিয়াল সমর্থকেরা। নাভাসও বললেন রোনালদোর অভাব পূরণ এত দ্রুত করা সম্ভব না, ‘ক্রিস্টিয়ানো প্রত্যাশার মাত্রা অনেক ওপরে তুলে দিয়ে গিয়েছে। আপনি হাতের আঙুল দিয়ে সূর্যকে ঢেকে রাখতে পারবেন না।’ নাভাস পুরো কথাটার ব্যাখ্যা দিলেন এভাবেই, ‘সে যখন এখানে ছিল গোলের পর গোল করেছে। কিন্তু সে এখন অতীত, আমরা অতীত নিয়ে সময়টা পার করতে পারি না।’
রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম দুসময় চলছে। রোনালদো চলে যাওয়ার পর টানা ৩১৯ মিনিট গোলশূন্য রয়েছে রিয়ালের আক্রমণভাগ, শেষ যেবার এমন ঘটেছিল, তা হয়েছিল আরেক রোনালদোর বিদায়ের পর, ২০০৭ সালে। সেবারও প্রায় ৩০০ মিনিটের কাছাকাছি গোলশূন্য ছিল রিয়াল। নাভাসের অবশ্য দাবি দল ভালোই খেলছে, ‘আমরা ভালো সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হয়েছি। প্রতিটি ম্যাচেই এ রকম সুযোগ আসে, এবং তা কাজে লাগাতে হবে। তারা একটি সুযোগ পেয়েছে এবং তাই তারা কাজে লাগিয়েছে।’