মাঠের লড়াইয়ে কে সেরা, সেই বিতর্ক যেন অন্তহীন। সেখানে কখনো লিওনেল মেসি এগিয়ে থাকেন, তো কখনো ক্রিস্টিয়ানো রোনালদো। তবে একটা জায়গায় মেসিকে অনেক পেছনে ফেলে দিয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার। দাতব্য কার্যক্রমে এ মুহূর্তে বিশ্বসেরা খেলোয়াড় তিনি। যুক্তরাষ্ট্রের ‘অ্যাথলেটস অন গুড’ ওয়েবসাইট সম্প্রতি ‘ডুসামথিংডটওআরজি’ নামের একটি প্রতিষ্ঠানের সহায়তায় দাতব্য কার্যক্রম করছেন এমন খেলোয়াড়ের একটা তালিকা প্রকাশ করেছে। ২০ জনের এ তালিকায় জায়গাই হয়নি লিওনেল মেসির! কিছুদিন আগেই ১০ মাস বয়সী একটি শিশুর চিকিৎসার জন্য ৮৩ হাজার ডলার দান করেছেন রোনালদো। ২০০৯ সালে এক পর্তুগিজ হাসপাতালকে ১ লাখ ৬৫ হাজার ডলার দিয়েছিলেন ক্যানসার নিরাময়ে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে। মেসি না থাকলেও রোনালদোর সঙ্গে এই তালিকায় আছেন নেইমার। তাঁর অবস্থান পঞ্চম। রোনালদোর ঠিক পরেই কুস্তিগির জন সেনারের জায়গা। তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও ফিগার স্কেটার উনা কিম। ডেইলি মেইল।