রোনালদোই বাঁচালেন রিয়ালকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোর গোলেই সমতা নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ছবি: এএফপি
রোনালদোর গোলেই সমতা নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ছবি: এএফপি
>
  • বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।
  • রিয়ালের হয়ে গোল করেছেন রোনালদো।
  • ম্যাচের শুরুতে বিলবাওয়ের পক্ষে গোল করেন ইনাকি উইলিয়ামস।

রোনালদো-বেনজেমা-মার্সেলো-রামোস-অ্যাসেনসিও-ভাসকেজ—সান্তিয়াগো বার্নাব্যুতে বিলবাওয়ের বিপক্ষে একাদশে সবাই ছিলেন। তবু জয় পায়নি রিয়াল মাদ্রিদ। লা-লিগায় বুধবার রাতের ম্যাচে শেষ মুহূর্তের গোলে বিলবাওয়ের সঙ্গে ১-১-এ ড্র করে স্প্যানিশ জায়ান্টরা। যদিও পুরো ম্যাচে আধিপত্য ছিল জিদান শিষ্যদেরই। কিন্তু একটা মুহূর্তই যখন পার্থক্য গড়ে দিতে যথেষ্ট, তখন আসলেই কিছু করার থাকে না। প্রথমার্ধের ১৪তম মিনিটে সেই মুহূর্তটি তৈরি করেন বিলবাওয়ের ইনাকি উইলিয়ামস। রিয়াল রক্ষণকে ফাঁকি দেন উইলিয়ামস, এড়িয়ে যান নাভাসের বাধাও। উইলিয়ামসের গোলে প্রথমার্ধেই ১-০ গোলে পিছিয়ে যায় স্বাগতিকেরা। শেষতক রোনালদোই বাঁচালেন রিয়ালকে। ম্যাচের শেষ মুহূর্তে (৮৭তম মিনিট) রোনালদোর গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

১৪তম মিনিটের ওই মুহূর্তটি বাদ দিলে পুরো খেলায় এগিয়ে ছিলেন রোনালদো-বেনজেমারাই। ম্যাচের ৬৬শতাংশ সময়ে বল রিয়ালের খেলোয়াড়দের দখলে ছিল। জিদান–শিষ্যরা কর্নার আদায় করেন ১৬টি আর বিলবাও কর্নার পায় মাত্র ২টি।

ম্যাচের শুরুতে বিলবাওয়ের পক্ষে গোল করেন ইনাকি উইলিয়ামস। ছবি: রয়টার্স
ম্যাচের শুরুতে বিলবাওয়ের পক্ষে গোল করেন ইনাকি উইলিয়ামস। ছবি: রয়টার্স

একের পর এক আক্রমণে বিলবাওয়ের রক্ষণে আতঙ্ক ছড়ায় রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে প্রথম আক্রমণটা করেন রোনালদোই। ম্যাচের নবম মিনিটে কারবাজালের ক্রস থেকে পর্তুগিজ সেনার দুর্দান্ত হেড ক্রসবারে লেগে ফিরে না আসলে তখনই গোল পেত রিয়াল। প্রথমার্ধে বেনজেমা-রোনালদোর বোঝাপড়াটা ছিল দেখার মতো। তবে গোলমুখ খুলতে পারছিলেন না কেউই। রিয়ালের একের পর এক শট কিছু এলোমেলো তো কিছু বিলবাওয়ের গোলরক্ষক কিংবা রক্ষণের বাধায় আটকে যায়। ১৩তম মিনিটে রোনালদো ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ১৪তম মিনিটে পাল্টা-আক্রমণে উঠে এসে গোল পায় বিলবাও। লা-লিগায় এই মৌসুমে নিজের সাত নম্বর গোল করে দলেকে এগিয়ে নেন ইনাকি উইলিয়ামস। রিয়াল মাদ্রিদ খেলোয়াড়েরা বেশ কিছু শট নিলেও কাজের কাজ হচ্ছিল না। এ ক্ষেত্রে বিলবাওয়ের রক্ষণভাগ ও গোলরক্ষক কেপা প্রশংসার দাবি করতেই পারেন।

দ্বিতীয়ার্ধে এসে খানিকটা মনোযোগ হারিয়ে ফেলেন রিয়াল তারকারা। জিদানের সাজানো রক্ষণভাগেও চিড় ধরে। যদিও সেটা কাজে লাগাতে পারেননি বিলবাওয়ের খেলোয়াড়েরা। অন্যদিকে নিজেদের খেলায় ফিরে আসতেও সময় নেননি রিয়ালের খেলোয়াড়েরা। ম্যাচের ৬৪তম মিনিটে ভালো সুযোগ পায় বিলবাও। সে সময় তিনবারের চেষ্টায় বল জালে জড়াতে না পারার খেসারত দিতে হয় তাদের। ৮৭তম মিনিটে মডরিচের দুর্দান্ত শটে ব্যাকহিল করে দলকে সমতায় ফিরিয়ে মাঠ ছাড়েন রিয়ালের সেনাপতি রোনালদো।