রোনালদোই বড় আকর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো আছেন বলেই প্রথমবারের মতো কনফেডারেশনস কাপে এসেও ফেবারিট পর্তুগাল। তবে পর্তুগিজ অধিনায়ক সেই চাপে ভেঙে পড়ছেন না। অনুশীলনে সতীর্থ পেপের সঙ্গে খুনসুটিতে মত্ত রোনালদোর এই ছবি তো সেটিই বলে l রয়টার্স
ক্রিস্টিয়ানো রোনালদো আছেন বলেই প্রথমবারের মতো কনফেডারেশনস কাপে এসেও ফেবারিট পর্তুগাল। তবে পর্তুগিজ অধিনায়ক সেই চাপে ভেঙে পড়ছেন না। অনুশীলনে সতীর্থ পেপের সঙ্গে খুনসুটিতে মত্ত রোনালদোর এই ছবি তো সেটিই বলে l রয়টার্স

কনফেডারেশনস কাপ হচ্ছে, অথচ তাতে আর্জেন্টিনা-ব্রাজিল নেই! এটা কিছু হলো!

সেন্ট পিটার্সবার্গে স্বাগতিক রাশিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে ফিফা কনফেডারেশনস কাপ। পিটার্সবার্গ, মস্কো, সোচি ও কাজান—চার ভেন্যুতে ২ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্ট। যাতে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও স্বাগতিক রাশিয়ার বাইরে থাকছে ফিফার ছয় কনফেডারেশনের ছয় চ্যাম্পিয়ন দল।

কিন্তু বাংলাদেশের অধিকাংশ ফুটবলপ্রেমীর জন্য দুঃসংবাদ সম্ভবত ব্রাজিল-আর্জেন্টিনার না থাকাটাই। এই প্রথম লাতিন এই দুই পরাশক্তিকে ছাড়াই হচ্ছে কনফেডারেশনস কাপ! আর্জেন্টিনা তবু টুর্নামেন্টে অনিয়মিত, কিন্তু ১৯৯৭ সালে ‘কিং ফাহাদ কাপ’ থেকে বদলে নাম ‘কনফেডারেশনস কাপ’ হওয়ার পর এবারই যে প্রথম অনুপস্থিত টুর্নামেন্টের সফলতম দল ব্রাজিল (চারবার জয়ী)।

ব্রাজিল-আর্জেন্টিনা নেই, মানে নেইমার ও লিওনেল মেসিও নেই। তবে মহাতারকার অভাবে ভুগবে না কনফেডারেশনস কাপ। ক্রিস্টিয়ানো রোনালদো আছেন না! কনফেডারেশনস কাপের ‘পোস্টারবয়’ই তো পর্তুগিজ অধিনায়ক।

গত জুনে ফ্রান্সে পর্তুগালকে তাদের ইতিহাসেরই প্রথম শিরোপা জিতিয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড—এনে দিয়েছিলেন ইউরোর শিরোপা। মহাদেশীয় চ্যাম্পিয়ন হওয়ায় এবারই প্রথম কনফেডারেশনস কাপে পর্তুগিজরা। কনফেডারেশনস কাপে অভিষেক হচ্ছে ২০১৫ সালে নিজেদের ইতিহাসে প্রথমবার কোপা আমেরিকাজয়ী চিলিরও।

তা ফেবারিট কারা? গ্রুপ অব ডেথ কোনটি? প্রশ্নগুলো তো থাকবেই। প্রথমবার এসেই পর্তুগাল-চিলি ফেবারিট। আর জার্মানি তো আছেই। তবে ২০১৪ বিশ্বকাপজয়ীদের স্কোয়াডটা ঠিক ‘জার্মানিসুলভ’ হয়নি। রাশিয়াতেই এক বছর পর বিশ্বকাপ বলে তারকা নয়, তারুণ্যে ভরসা রেখেছেন জার্মানির কোচ জোয়াকিম লো। গত বিশ্বকাপের দল থেকে নিয়েছেন শুধু তিনজন, পুরো স্কোয়াডের মিলিত অভিজ্ঞতাই ১০৪ ম্যাচ। চিলি, ক্যামেরুন ও অস্ট্রেলিয়াকে নিয়ে তাদের গ্রুপটাই পেতে পারে ‘মৃত্যুকূপের’ মর্যাদা।

তবে স্বাগতিক রাশিয়ার জন্য মাঠের ফুটবলের চেয়েও টুর্নামেন্টের গুরুত্ব মাঠের বাইরেই সম্ভবত বেশি। এটি যে ৩৬২ দিন পর শুরু হতে যাওয়া বিশ্বকাপের ‘মহড়া’। ইউরোপজুড়ে সন্ত্রাসী হামলা, নিজেদের দুর্নীতি, বর্ণবাদের অভিযোগ—সবকিছুই রাশিয়া বিশ্বকাপকে ঘিরে তৈরি করেছে শঙ্কার মেঘ। কনফেডারেশনস কাপের সফল আয়োজনই কেবল পারে সব অভিযোগ উড়িয়ে দিতে। পারবে রাশিয়া?

নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে দর্শকদের জন্য আইডি কার্ড বাধ্যতামূলক করেছে রাশিয়া। দেশটির উপপ্রধানমন্ত্রী ও রাশিয়ান ফুটবল ইউনিয়নের সভাপতি ভিতালি মুতকোর বিশ্বাস, টুর্নামেন্টটা দুর্দান্তই হবে, ‘রাশিয়া সম্পূর্ণ নিরাপদ। আমি নিশ্চিত, আমাদের ফুটবল সমর্থকদের আচরণও ভালো থাকবে।’ এএফপি।