রোনালদোকে অদ্ভুত প্রলোভন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল মাদ্রিদ ছাড়ার জন্য ‘লোভনীয়’ প্রস্তাব পেয়েছেন রোনালদো। ছবি: রয়টার্স
রিয়াল মাদ্রিদ ছাড়ার জন্য ‘লোভনীয়’ প্রস্তাব পেয়েছেন রোনালদো। ছবি: রয়টার্স

একেই বোধ হয় বলে সুযোগসন্ধানী। রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো, এমন গুঞ্জনে কেঁপে উঠেছে ইউরোপের ফুটবল। এই একটি খবরই যে দলবদলের বাজারে ঝড় তোলার জন্য যথেষ্ট। আর এক জার্মান ক্লাব সে সুযোগে রোনালদোকে তাদের সঙ্গে যোগ দিতে বলছে। সম্মানীটাও বেশ লোভনীয়, সারা জীবন রোনালদোকে বিয়ার পান করানোর প্রতিশ্রুতি দিয়েছে ক্লাবটি!

খুদে ব্লগ সাইট টুইটারে জার্মান ক্লাবগুলোর সদর্প বিচরণ। বিশেষ মুহূর্তে দারুণ রসবোধের মিশেলে টুইট করে বায়ার্ন মিউনিখ কিংবা বরুসিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবগুলো। ধারেভারে এদের আশপাশে নেই ফরচুনা কোয়েইন। তবে জার্মানির তৃতীয় শ্রেণির এই ক্লাব রসবোধে পিছিয়ে নেই এক ফোঁটা। স্পেনের কর আইনে ত্যক্তবিরক্ত রোনালদোর আর স্পেনে ফেরার ইচ্ছে নেই শুনেই তারা দেরি করেনি। টুইটারে প্রস্তাব দিয়েছে, ‘হে ক্রিস্টিয়ানো, আমরা এখনো একজন স্ট্রাইকার খুঁজছি। আমাদের টাকা নেই, তবে আজীবন বিয়ার খাওয়াতে পারব!’
দুর্দান্ত শারীরিক গঠনের জন্য বিখ্যাত রোনালদো যে এমন প্রস্তাবে রাজি হবেন না, সেটা তো জানা কথা। শীর্ষ পর্যায় ছেড়ে তৃতীয় শ্রেণিতে খেলারও খুব একটা ইচ্ছে জাগার কথা নয় তাঁর। তবে জার্মান ক্লাব বলে কথা, মজা করার সুযোগ হাতছাড়া করবে কেন! কদিন আগেই জ্লাতান ইব্রাহিমোভিচের সঙ্গে চুক্তি নবায়ন না করার কথা জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সে খবর শুনে হার্থা বার্লিনও টুইট করেছিল, ‘ইউনাইটেড চুক্তি করল না। আমরা আপনার দারুণ ভক্ত, কিন্তু টাকা নেই। তবে এখানে এলে প্রথমবারের মতো বুন্দেসলিগা জেতার সুযোগ, ভেবে দেখুন!’
ইব্রাহিমোভিচ কিন্তু এখনো না বলেননি! সূত্র: গোলডটকম।