রোনালদোকে আজ পুরোটা পাবে কি রিয়াল?

সংশয় জেগেছিল তিন দিন আগে। অনুশীলন করার সময় হঠাৎ করেই চোট পেলেন। শেষ পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয়েছিল। ক্রিস্টিয়ানো রোনালদো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলতে পারবেন কি না, সেই প্রশ্নও উঠে গিয়েছিল। কাল রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান নিশ্চিত করলেন, রোনালদো আজ ফাইনালে শুরু থেকেই মাঠে নামবেন।
মৌসুমের শেষ দিকে চোট ভালোই ভুগিয়েছে রোনালদোকে। আঘাতটা প্রথম পেয়েছিলেন ভিয়ারিয়ালের সঙ্গে গত মাসের লা লিগার একটা ম্যাচে। ম্যানচেস্টার সিটির সঙ্গে সেমিফাইনালের প্রথম লেগে খেলতে পারেননি। লা লিগায়ও কয়েকটি ম্যাচে দর্শক হয়ে ছিলেন। এর পর অবশ্য চোট কাটিয়ে ফিরেছেন। সিটির সঙ্গে দ্বিতীয় লেগ খেলেছেন, লা লিগায় মৌসুমের শেষ ম্যাচে দেপোর্তিভোর বিপক্ষেও জোড়া গোল করেছেন। ফাইনালের জন্য অনুশীলন শুরু করেছিলেন। কিন্তু তিন দিন আগেই প্রশ্ন উঠে গেল, ঊরুর চোট কি আবার ফিরে এল?
রিয়াল কোচ জিদান অবশ্য জানাচ্ছেন, রোনালদো ঠিক আছেন, ‘সে শতভাগ ফিট। ম্যান সিটির সঙ্গে ম্যাচের আগে তার একটু সমস্যা হয়েছিল। কিন্তু আমার মনে হয় এখন সে ঠিক আছে। তার একটু সমস্যা হয়েছিল, কিন্তু এখন সে সম্ভবত সেটি কাটিয়ে উঠেছে। আর ম্যাচটা ফাইনাল, সে শতভাগ ফিট না হলেও খেলত।’
বোঝাই যাচ্ছে, ‘উনদেসিমা’ পাওয়ার জন্য রোনালদো কতটা অধীর হয়ে আছেন!