রোনালদোকে আটকাতে সব কৌশলই নেবে রামোসরা: ডিয়েগো ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিয়েগো ম্যারাডোনা
ডিয়েগো ম্যারাডোনা

খেলা বা জীবনের কথাই বলুন, অনেক সময়ই অপ্রত্যাশিত সব মোড়ে এনে দাঁড় করায়। ২১তম বিশ্বকাপও শুরু হচ্ছে সেভাবে—বিশ্বকাপ শুরুর এক দিন আগে স্পেন তাদের কোচ হুলেন লোপেতেগিকে বরখাস্ত করেছে। টুর্নামেন্টের এত কাছে গিয়ে কোনো দল এমন কিছু করেছে বলে আমার মনে পড়ে না। বিশ্বকাপের সম্ভাবনার সমীকরণেও এটা অনেক ওলটপালট করে দিতে পারে।

আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের এক দিন আগে স্পেন-পর্তুগাল ম্যাচটা নিয়ে অনেক আগ্রহ ছিল আমার। এখন একেবারে শ্বাসরুদ্ধকর উত্তেজনা হচ্ছে, কারণ দ্বৈরথটার রং এখন বদলে গেছে। নতুন কোচ ফার্নান্দো হিয়েরো ও স্প্যানিয়ার্ডরা কীভাবে এর সঙ্গে মানিয়ে নেয়, সেটাই ঠিক করে দেবে ওদের পারফরম্যান্স কেমন হবে। অন্তত প্রথম ম্যাচে। আমার মনে হয় (স্পেনের) কাজটা কঠিনই হবে, তবে অসম্ভব নয়। কারণ ওদের খেলোয়াড়েরা দারুণ পেশাদার, নিজেদের দায়িত্বটা বোঝে। মাঠে কী করবে, সেটিই অবশ্য সবকিছু।

স্বাভাবিক অবস্থায় এই ম্যাচটা হতো দুই ভিন্নধর্মী ফুটবলের লড়াই। স্পেনের বল দখলে রেখে আক্রমণের কৌশলের বিপরীতে পর্তুগালের সংগঠিত রক্ষণ। ক্রিস্টিয়ানো রোনালদো থাকার পরও পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস এই কৌশলটাই পছন্দ করেন। আর ২০১৬ ইউরোতে যেহেতু এতে সাফল্য এসেছে, এবারও তারা একই পথে হাঁটবে বলে মনে হচ্ছে। যা-ই হোক, যদি পর্তুগাল ম্যাচের শুরুর দিকেই স্পেনের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে, গোলের জন্য ছোটে, তাতে আমি খুব একটা অবাক হব না। যদি পর্তুগাল গোল পেয়ে যায়, সে ক্ষেত্রে ম্যাচটা ওদের আইবেরিয়ান প্রতিবেশীদের চারিত্রিক দৃঢ়তার বড় পরীক্ষাই নেবে। 

এর বাইরে বললে পর্তুগালের ৪-৪-২ ছকটা পাল্টা আক্রমণের কৌশলের জন্যই তৈরি। প্রতিপক্ষকে নিজেদের অর্ধে টেনে আনে ওরা, নিজেদের অর্ধে অনেক বেশি খেলোয়াড় রেখে প্রতিপক্ষকে একেবারেই জায়গা দেয় না। কারণ ওরা জানে, প্রতিপক্ষের অর্ধে জায়গা পেলে রোনালদো কতটা ভয়ংকর! তবে এর অর্থ হচ্ছে নিজের রক্ষণ ও মিডফিল্ডের ওপর চাপ ডেকে আনা। এই কৌশলটা কাজে লাগাতে যেভাবে রক্ষণ সাজাতে হয়, যেমন শৃঙ্খলা লাগে, এখন পর্যন্ত সেটি ওরা দেখিয়েছে। ওদের সাম্প্রতিক রক্ষণের রেকর্ডটাও দারুণ। মাঝমাঠ ও রক্ষণের এই জায়গাগুলো ওরা যদি জমাট রাখতে পারে, যদি ভুল না করে, সেটা স্পেনকে হতাশ করবে। আর স্পেনের মনোযোগ একটু নড়লেই ওদের তারকা স্ট্রাইকার (রোনালদো) সেটির ফায়দা তুলে নিতে পারবে।

লোপেতেগির সাজানো ৪-২-৩-১ ছক থেকে হিয়েরো (স্পেনের নতুন কোচ) সরে আসে কি না, সেটিও দেখার বিষয়। মনে হয় না সরবে। যেভাবে পুরো মিডফিল্ডকেই ওপরে তুলে নিয়ে আক্রমণে খেলোয়াড় বাড়ায়, সেটিই এই কৌশলটার সৌন্দর্য। যে কারণে শুধু একজন স্ট্রাইকার থাকলেও ওদের গোল করার মতো লোকের অভাব হয় না। আর্জেন্টিনার বিপক্ষে ৬-১ গোলের ওই জয়টা যদিও আর্জেন্টিনার ভগ্নশক্তির দলের বিপক্ষে এসেছে, জয়টা স্পেনের আক্রমণে শক্তির কথা বলে।

ওদের মিডফিল্ডাররা বেশ চটপটে, নিচে নেমে রক্ষণে সাহায্য করার মতো তৎপরও। মাঝমাঠে বা রক্ষণে ওদের চেয়ে বেশি প্রতিপক্ষ খেলোয়াড় আছে, এমনটা খুব বেশি একটা হয় না। কৌশলটা বেশ আকর্ষণীয় আর কার্যকর, এ কারণেই স্পেনের এত সাফল্য। তবে অনেক কিছুই মানসিকতার ওপর নির্ভর করে, কোচ বদলের নাটকের কারণে যেটা কিনা প্রভাবিত হতে পারে। যদি মানসিকভাবে ঝরঝরে থাকে, স্পেন এখনো সবচেয়ে ভয়ংকর দলগুলোর একটি। মাঝে মাঝে কঠিন সময়গুলোই প্রেরণা জোগায়, দলকে একসুতোয় বাঁধে।

রোনালদো আর সার্জিও রামোসের নেতৃত্বাধীন স্পেন রক্ষণের মধ্যে একটা ধ্রুপদী দ্বৈরথও হয়তো দেখতে পাব। রিয়াল মাদ্রিদে সতীর্থ ওরা, একে অন্যকে খুব ভালোভাবেই চেনে। রোনালদোর সতর্ক থাকা উচিত, কারণ প্রতিপক্ষ দলের সেরা স্ট্রাইকারকে আটকাতে রামোস রক্ষণের বইয়ের সব কৌশল তো ব্যবহার করেই, কাজে লাগায় এর বাইরের কৌশলও। তবে ওরও (রোনালদো) অভিজ্ঞতা কম নয়, এসব কলাকৌশলে ভুলবে না। ও জানে নিজের দলের জন্য ও কী, আর মানসিকভাবে একটু পিছিয়ে পড়া প্রতিপক্ষের ব্যথাটা আরও বাড়াতে উন্মুখ হয়ে থাকবে। লিও মেসি ও আর্জেন্টিনা এর পরের দিন! বিশ্বকাপটা খুব তাড়াতাড়িই আকর্ষণীয় হয়ে উঠছে।