রোনালদোকে কিনতে জুভেন্টাসের যত খরচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুভেন্টাসেও কি চ্যাম্পিয়নস লিগ জয়ের এই পদক জিততে পারবেন রোনালদো? ছবি: রয়টার্স
জুভেন্টাসেও কি চ্যাম্পিয়নস লিগ জয়ের এই পদক জিততে পারবেন রোনালদো? ছবি: রয়টার্স
রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই দলবদলের গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে জুভেন্টাসকে বেশ বড় অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে


রিয়াল মাদ্রিদ থেকে রোনালদোকে কিনতে কম কাঠখড় পোড়াতে হয়নি জুভেন্টাসকে। ২০১৬-১৭ মৌসুমে এই জুভেন্টাসকে ধরাশায়ী করেই রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছিলেন রোনালদো। সেই রোনালদোকে কিনতে রিয়ালকে ১০৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিয়েছে জুভেন্টাস। তবে এটাই চূড়ান্ত খরচ নয়, আনুষঙ্গিক আরও খরচের বোঝাও বইতে হয়েছে ‘তুরিনের ওল্ড লেডি’দের।

রোনালদোর ইচ্ছানুযায়ী রিয়াল তাঁকে ১০০ মিলিয়ন ইউরোতেই ছেড়ে দিতে রাজি ছিল। এর সঙ্গে ‘অ্যাড-অনস’ আরও ৫ মিলিয়ন দিয়েছে জুভেন্টাস। মোট ১০৫ মিলিয়ন ইউরো গুনতে হয়েছে ইতালিয়ান ক্লাবটিকে। কিন্তু রিয়ালের বাইরে আরও একজনকে ২০ মিলিয়ন ইউরো দিতে হয়েছে তাদের। সেই ‘একজন’ রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেজ। মোট দলবদলের ২০ শতাংশ অর্থ পাবেন এই ‘সুপার এজেন্ট’। আর এতেই ২০ মিলিয়ন ইউরো পাচ্ছেন তিনি।

জুভেন্টাসে বছরে রোনালদো আয় করবেন ৩০ মিলিয়ন ইউরো। যদিও ক্লাবটিতে তাঁর মূল বেতন ৬০ মিলিয়ন ইউরো। ইতালিয়ান আইনে কোনো খেলোয়াড়কে মোট বেতনের অর্ধেক কর দিতে হয়। সবকিছু মিলিয়ে জুভেন্টাসে ৪ বছরের চুক্তিতে মোট ২৪০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাবেন রোনালদো। এ ছাড়া ‘সলিডারিটি ফি’ হিসেবে জুভেন্টাসকে আরও ৫ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে। দলবদল সুন্দরভাবে সম্পন্ন করতেই এই ‘সলিডারিটি ফি’।

দলবদল আর সব খরচ মিলিয়ে ৪ বছরে রোনালদোর পেছনে জুভেন্টাসকে ঢালতে হবে মোট ৩৭০ মিলিয়ন। রোনালদোর ট্রান্সফার ফি, অ্যাড-অনস, এজেন্ট ফি আর বেতন মিলিয়েই এই হিসাব।

রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে আসায় স্পনসর হিসেবে আর থাকছে না গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান অডি। তবে ইতালিতে তাঁর নতুন গাড়ির স্পনসর হবে ফিয়াট। এই প্রতিষ্ঠান জুভেন্টাস সভাপতির মালিকানাধীন। এই স্পনসর ধরে চার বছরে রোনালদোর পেছনে মোট ৪০০ মিলিয়ন ইউরোর বেশি খরচ হবে জুভেন্টাসের। অবশ্য শেয়ারের দাম, জার্সি বিক্রিসহ সবকিছু মিলিয়ে ৪০০ মিলিয়ন ইউরো তুলতে বেশি সময়ও লাগবে না টানা সাতবারের সিরি ‘আ’ জয়ীদের। এত টাকা ঢেলে রোনালদোকে কেনার পর জুভেন্টাস কতটা সফলতা পায়, সেটাই এখন দেখার বিষয়।