রোনালদোকে ঘিরেই পর্তুগাল
তাঁর খেলা নিয়ে কি আদৌ কোনো সংশয় ছিল? হয়তো নয়। তবে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর ক্রিস্টিয়ানো রোনালদো যখন এক সপ্তাহ বিশ্রাম নিতে চাইলেন, ভক্তদের মনে একটু অমঙ্গল চিন্তা এসেছিল বৈকি! আবার চোট-টোট পেলেন না তো রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড!
সংশয় জাগাটা অস্বাভাবিকও নয়। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ফাইনালে টাইব্রেকারে শেষ গোলটি করে রিয়ালকে জিতিয়েছেন, তার আগে পুরো ১২০ মিনিট দৌড়েছেন। তার চেয়েও বড় কথা, ম্যাচটি খেলেছেনও শতভাগ ফিট হয়ে ওঠার আগে। তবে সংশয়ের লেশমাত্র যদি থেকেও থাকত, সেটি কেটে গেল গত পরশু। ১০ জুন ফ্রান্সে শুরু হতে যাওয়া ইউরোর জন্য দল ঘোষণার শেষ দিনে ২৩ সদস্যের দল দিয়েছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। প্রত্যাশিতভাবে দলটি সাজানো হয়েছে রোনালদোকে ঘিরে। অধিনায়কের বন্ধনী উঠবে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের বাহুতেই। রয়টার্স।
পর্তুগাল দলে কিছুটা চমক হয়ে এসেছে শুধু পোর্তোর তরুণ মিডফিল্ডার রুবেন নেভেসের না থাকা। এ ছাড়া পেপে-উইলিয়াম কারভালহোদের মতো পরিচিতরা তো আছেনই, আছেন রাফা-রেনাতো সানচেজদের মতো তরুণেরাও।