রোনালদোকে চান ফন গাল, কিন্তু...
বিশ্বসেরা খেলোয়াড়কে কে না দলে পেতে যায়? ক্রিস্টিয়ানো রোনালদোকে পেলে সব দলই তো বর্তে যাবে। লুই ফন গাল সেটি না চাইলেই বরং বিস্ময়ের হতো। গত কিছুদিনে রোনালদোর ওল্ড ট্রাফোর্ড প্রত্যাবর্তন নিয়ে কম তোলপাড় হয়নি। তবে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মনে করছেন, পুরো ব্যাপারটাই প্রচারমাধ্যমের ‘অবদান’।
গুঞ্জনটা অবশ্য নিজেই উসকে দিয়েছিলেন রোনালদো। গত মাসে নিজেই বলেছিলেন, ‘আমি ম্যানচেস্টারকে ভালোবাসি। আর ভবিষ্যতে কী হবে কিছুই বলা যায় না।’ সরাসরি কিছু বলেননি, কিন্তু রোনালদোর এ বক্তব্যে বার্নাব্যু ছাড়ার আভাস একটু হলেও পাওয়া যায়। রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের ওপরও নাকি অসন্তুষ্ট ‘সিআর-সেভেন’। অ্যাঙ্গেল ডি মারিয়া দল ছাড়ার পর নিজের অসন্তোষ প্রকাশেও কোনো রাখঢাক করেননি।
এই মৌসুমে ফ্যালকাও-ডি মারিয়াদের জন্য দেদার খরচ করে ইউনাইটেড জানিয়ে দিয়েছে, পয়সাকড়ি খুব বেশি বড় বাধা হয়তো হবে না। সবচেয়ে বড় কথা, রিয়াল তাদের সোনার ডিম পাড়া হাঁসকে এত সহজে কি ছেড়ে দিতে চাইবে? ফন গাল সেটিই বললেন, ‘ওকে নিয়ে তো পত্রিকায় আলোচনা চলছেই। তবে প্রচারমাধ্যম ওকে কিনতে পারবে না। সম্ভব হলে ওকে তো আনবই। ফ্যালকাও-রোনালদোর মতো খেলোয়াড়েরা দলকে সব সময় বাড়তি কিছু একটা দেয়। তবে আমার মনে হয় না রিয়াল ওকে বিক্রি করবে।’ এএফপি।