রোনালদোকে ছাড়া রিয়াল
নৌকাবাইচের প্রায় শেষ দিকে টান টান উত্তেজনা, গায়ে গায়ে লেগে আছে সব নৌকা। প্রতিটি মুহূর্তই মূল্যবান, একটু ঢিল দিলেই সর্বনাশ। এমন অবস্থায় প্রধান মাল্লার অসুস্থ হয়ে পড়া! এর চেয়ে খারাপ কিছু আর কী হতে পারে? লা লিগায় আজকের ম্যাচের আগে ক্রিস্টিয়ানো রোনালদোকে হারিয়ে ফেলায় নিশ্চিতই রিয়াল মাদ্রিদের কপালে ভাঁজ পড়েছে।
এই মৌসুমে রিয়ালের প্রতিটি ম্যাচেই ছিলেন রোনালদো। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে দলের হয়ে খেলেছেন প্রতিটি মিনিট, কিন্তু সেটার ব্যতিক্রম হতে যাচ্ছে আজ। প্রথমবারের মতো দর্শকের চোখে খেলা দেখতে হবে রোনালদোকে। দুই দিন আগে ভিয়ারিয়ালের সঙ্গে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। রোনালদো অবশ্য দাবি করেছিলেন, তিনি ঠিক আছেন। কিন্তু কাল রিয়াল জানিয়েছে, রোনালদোর ঊরুর পেশিতে টান পড়ায় আজকের ম্যাচে নেই পর্তুগিজ ফরোয়ার্ড। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ম্যান সিটির সঙ্গে তাঁকে পাওয়া যাবে কি না, সেটিও অনিশ্চিত।
রোনালদোর অনুপস্থিতি রিয়ালের জন্য একটি ধাক্কা, যদিও সতীর্থ মিডফিল্ডার লুকা মডরিচ এটিকে খুব বড় করে দেখছেন না, ‘আমরা রিয়াল মাদ্রিদ। দুটি শিরোপার জন্য লড়াই করার মতো খেলোয়াড় আমাদের আছে। ভায়েকাসে আমাদের কালকের (আজ) ম্যাচটা কঠিন। এর পর আমরা চ্যাম্পিয়নস লিগ নিয়ে ভাবব। আমরা খুবই আত্মবিশ্বাসী, ভালো খেলছি। মৌসুমের শেষ পর্যন্ত এই আত্মবিশ্বাস ধরে রাখতে হবে আমাদের।’
রিয়ালের কাছে রোনালদোকে হারানো যত বড় ধাক্কা, বার্সার জন্য মেসিকে হারানো তার চেয়ে কম কিছু হতো না। সেই সম্ভাবনাও জেগেছিল, দেপোর্তিভোর সঙ্গে ম্যাচে আঘাত পেয়েছিলেন মেসি। তবে বার্সা কোচ লুইস এনরিকে নিশ্চিত করেছেন, আজ স্পোর্টিং গিজনের সঙ্গে মেসি খেলছেন।
তবে এনরিকের দুশ্চিন্তা বোধ হয় আরেক জায়গায়। দেপোর্তিভোকে ৮-০ গোলে হারিয়ে নিজেদের ফিরে পেয়েছে বার্সা, কিন্তু নেইমারকে নিয়ে সমালোচনা যেন কমছে না। ওই ম্যাচে গোল পেলেও নেইমার ঠিক তাঁর মতো খেলতে পারেননি। লুইস সুয়ারেজ এই কঠিন সময়ে সতীর্থের পাশেই দাঁড়িয়েছেন, ‘কিছুদিন ধরে শুধু একজনকেই দোষ চাপানো হচ্ছে, এটা ঠিক নয়। আমরা কেউই যন্ত্র নই, খারাপ সময় সবার আসতেই পারে। সেটির জন্য যেভাবে নেইমারকে দায়ী করা হচ্ছে, সেটা আসলেই দুঃখজনক।’
আজ বার্সা যখন মাঠে নামবে, তখন পয়েন্ট তালিকায় তারা তিনে নেমে যেতে পারে। অন্তত কয়েক ঘণ্টার জন্য শীর্ষে ওঠার সুযোগ পাবে রিয়াল, তাদের ম্যাচই সবার আগে। আর সেটা আরও কিছুক্ষণের জন্য ছিনিয়ে নিতে পারে অ্যাটলেটিকো মাদ্রিদ, মালাগার সঙ্গে তাদের ম্যাচটা এর পরই। এএফপি, রয়টার্স।