রোনালদোকে ছাপিয়ে বেনজেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেখে মনে হচ্ছে করিম বেনজেমাকে লাথি মারার চেষ্টা করছেন পর্তুগিজ ডিফেন্ডার ব্রুনো আলভেজ। আসলে তা নয়। তবে পরশু প্যারিসে বেনজেমা ছিলেন অপ্রতিরোধ্যই, ফরাসি স্ট্রাইকার গোল করেছেন একটি, করিয়েছেনও একটি! l রয়টার্স
দেখে মনে হচ্ছে করিম বেনজেমাকে লাথি মারার চেষ্টা করছেন পর্তুগিজ ডিফেন্ডার ব্রুনো আলভেজ। আসলে তা নয়। তবে পরশু প্যারিসে বেনজেমা ছিলেন অপ্রতিরোধ্যই, ফরাসি স্ট্রাইকার গোল করেছেন একটি, করিয়েছেনও একটি! l রয়টার্স

‘রোনালদো ও বেনজেমার মধ্যে কে ভালো—এটাই তো আজকের ম্যাচের সবকিছু নয়। আমরা তো জানিই কে ভালো।’
ম্যাচ শেষে পর্তুগিজ উইঙ্গার নানির কথাটা শুনে ভুরু কোঁচকাতেই পারেন। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে করিম বেনজেমার তুলনা? রিয়াল মাদ্রিদে তো রোনালদোর ছায়াতেই ঢাকা পড়ে থাকেন ফরাসি স্ট্রাইকার। তবে পরশু অন্তত সতীর্থকে ছাড়িয়ে নিজে উঠে এলেন পাদপ্রদীপের নিচে। একটি গোল করে ও আরেকটি করিয়ে বেনজেমাই পর্তুগালের বিপক্ষে ফ্রান্সকে এনে দিয়েছেন ২-১ গোলের জয়। দুজনের তুলনাটাও তাই চলে এল অবধারিতভাবেই।
প্যারিসে যখন ‘মুখোমুখি’ রোনালদো-বেনজেমা, তার সাত ঘণ্টা আগেই বেইজিংয়ে হয়ে গিয়েছিল আরেকটি ছোট্ট ‘দ্বৈরথ’। বার্সেলোনা সতীর্থ মেসি-নেইমারের মধ্যে কে শেষ হাসিটা হেসেছেন, সেটা জেনেই মাঠে নেমেছেন রোনালদো ও বেনজেমা। নেইমার অবশ্য নিজে গোল পাননি, যেটা পেয়েছেন বেনজেমা। ফ্রান্সও খেলেছে দারুণ। পরে তো বেনজেমা নিজেই জানিয়েছেন, ‘আমরা দাপটের সঙ্গেই জিতেছি। শুরু থেকেই আমরা ওদের ওপর চড়ে বসেছিলাম।’
তা ফ্রান্সের শুরুটাও হয়েছিল দুর্দান্ত। ৩ মিনিটে বাকারি সানিয়ার শট ফিরিয়ে দিয়েছিলেন পর্তুগাল গোলরক্ষক রুই প্যাত্রিসিও। কিন্তু সেটা এসে পড়ে বেনজেমার পায়ে। অত কাছ থেকে লক্ষ্যভেদ না করতে পারলে অপরাধই হতো। এরপর ৬৯ মিনিটে তাঁর পাস থেকে বল পেয়েই ফ্রান্সকে এগিয়ে দেন মিডফিল্ডার পল পগবা। ৭৭ মিনিটে রিকার্দো কোয়ারেসমা পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমালেও লাভ হয়নি। রোনালদো অবশ্য মাঠ ছেড়েছেন এর আগেই।
তবে চিত্রনাট্য অন্য রকমও হতে পারত। ৫১ মিনিটে রোনালদোর হেড এক হাতে দারুণভাবে ঠেকিয়ে দিয়েছেন ফ্রান্স গোলরক্ষক স্টিভ মাঁদাদা। পরে মাঁদাদা নিজেই জানিয়েছেন, ‘রোনালদোর হেডটা ঠেকানো সহজ ছিল না। আমি এটা ভুলব না।’
আরেকজন অবশ্য ম্যাচটা ভুলেই যেতে চাইবেন। পরশু পর্তুগালের কোচ হিসেবে অভিষেক হয়েছে ফার্নান্দো সান্তোসের। আলবেনিয়ার কাছে পরাজয়ের পর পাওলো বেন্তো পদত্যাগ করায় দায়িত্ব নিয়েছেন সান্তোস। তাঁর শুরুটাই হলো পরাজয় দিয়ে। প্রীতি ম্যাচ বলে এটিকে বড় করে দেখার কিছু নেই। তবে আগামীকাল ডেনমার্কের বিপক্ষেও এমন কিছু হলে? ইউরো বাছাইয়ের এই ম্যাচ আবার প্রতিপক্ষের মাঠ কোপেনহেগেনে। এএফপি, রয়টার্স।