রোনালদোকে ছাড়া মেসির ঠিক জমছে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লা লিগায় রোনালদোর সঙ্গে দ্বৈরথ জমিয়ে তুলেছিলেন মেসি। ছবি: টুইটার
লা লিগায় রোনালদোর সঙ্গে দ্বৈরথ জমিয়ে তুলেছিলেন মেসি। ছবি: টুইটার
আর্জেন্টাইন রেডিও চ্যানেল এফএম ৯৪৭–কে দেওয়া সাক্ষাৎকারে লিওনেল মেসি কথা বলেছেন অনেক কিছু নিয়েই। স্বীকার করেছেন, স্প্যানিশ লিগে রোনালদোকে ছাড়া ঠিক জমছে না তাঁর!


তাঁদের দ্বৈরথ কি আজ থেকে? সেই ২০০৮ সাল থেকে দুজন মেতেছেন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে, যে লড়াই এখনো একই গতিতে চলছে। মাঝে নয় বছর দুজন খেলেছেন একই লিগে। মেসি বার্সেলোনায়, রোনালদো তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে। গত বছর রিয়াল ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেন পর্তুগিজ তারকা। রোনালদোর সঙ্গে মুখোমুখি লড়াইটা বেশ ‘মিস’ করছেন বলে জানিয়েছেন মেসি।

রোনালদোর মতো খেলোয়াড়ের উপস্থিতি লা লিগার সম্মানকে আরও বৃদ্ধি করে বলে মনে করেন মেসি, ‘আমি আসলেই ক্রিস্টিয়ানোর অভাব অনুভব করি। যদিও মানতে দ্বিধা নেই, ওকে ট্রফি জিততে দেখলে খারাপ লাগত। কিন্তু এটাও অস্বীকার করার জো নেই, ও লা লিগার সম্মান বাড়িয়ে দিত বহুগুণ।’

মেসির কথাকে গুরুত্ব না দিয়েও পারা যাচ্ছে না। শুধু মেসিই নয়, রোনালদোর সাবেক দল রিয়াল মাদ্রিদের বেশ কিছু খেলোয়াড় বিভিন্ন সংবাদমাধ্যমে বলেছেন, রোনালদোর অভাব ভোগাচ্ছে তাঁদেরও। কয়েক সপ্তাহ আগে বলেছিলেন সর্বশেষ ব্যালন ডি’অর জয়ী তারকা লুকা মদরিচ, কয়েক দিন আগে বলেছেন রিয়ালের ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। রোনালদোহীন রিয়াল একদম রং হারিয়েছে যেন টানা তিনবারের চ্যাম্পিয়নস লিগজয়ী দল এবার এই প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে। ওদিকে লিগে বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা।

এই মৌসুমে রিয়াল শিরোপাশূন্য থাকবে, এটা নিশ্চিত। আশার কথা এই, সান্তিয়াগো সোলারির জায়গায় আবার রিয়ালের কোচ করে আনা হয়েছে জিনেদিন জিদানকে, যে জিদানের অধীনে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জয় করেছিল রিয়াল। ওদিকে রোনালদোর নতুন ক্লাব জুভেন্টাসকে নিয়েও প্রশংসা ঝরেছে মেসির কণ্ঠ থেকে, ‘রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ার পর ওদের শক্তি অনেক বেড়েছে। চ্যাম্পিয়নস লিগ জিতে যেতে পারে তারা। বিশেষ করে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটা ওদের অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে।’