রোনালদোকে ছাড়িয়ে মেসি
মৌসুমের প্রায় অর্ধেক চলে যাওয়ার পরও দুজনের বড় ব্যবধান ছিল। দুর্দান্ত ফর্মের ক্রিস্টিয়ানো রোনালদো তখন উড়ছেন, লিওনেল মেসিকে তাঁর পাশে ম্লানই লাগছিল। সেই মেসিই কিনা এখন রোনালদোকে ছাড়িয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতা! পরশু রাতে এইবারের সঙ্গে জোড়া গোল করে বার্সেলোনা ফরোয়ার্ড পেছনে ফেলেছেন তাঁর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে। লিগে মেসির গোল এখন ৩২, রোনালদোর ৩০।
বার্সেলোনা এইবারকে হারিয়েছে মেসির ওই ২ গোলেই। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। ২৭ ম্যাচে লুইস এনরিকের দলের পয়েন্ট ৬৫। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৬১।
একই রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার পথে বড় হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা বার্নলির মাঠে ১-০ গোলে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ২৯ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। ২৮ ম্যাচ খেলে চেলসি শীর্ষে ৬৪ পয়েন্ট নিয়ে। চেলসি কাল ১-১ গোলে ড্র করেছে সাউদাম্পটনের সঙ্গে। পরশু ওয়েস্ট হামকে ৩-০ গোলে হারিয়েছে তৃতীয় স্থানে থাকা আর্সেনাল, ২৯ ম্যাচে তাদের পয়েন্ট ৫৭। এএফপি।