রোনালদোকে ছাড়িয়ে যেতে চান ডি মারিয়া

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে অ্যাঙ্গেল ডি মারিয়ার প্রতিযোগিতা কোনো কালেই ছিল না। ২০১০ সাল থেকে একসঙ্গেই খেলেছেন রিয়াল মাদ্রিদে। কিন্তু এবার ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে রোনালদোকে পেছনে ফেলে দেওয়ার ঘোষণাই দিলেন ডি মারিয়া। বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রোনালদোকে পেছনে ফেলতে পারবেন কি না, সেটা এখনই বলা যাচ্ছে না। তবে ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদো যে কীর্তি গড়ে গেছেন, সেটাকে ছাড়িয়েই যেতে চান আর্জেন্টাইন তারকা।
২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েই এসময়ের সেরা খেলোয়াড় হয়ে ওঠার যাত্রাটা শুরু করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর গায়ে উঠেছিল ৭ নম্বর জার্সি। রোনালদোরও আগে যে জার্সি গায়ে দিয়ে মাঠ মাতিয়েছিলেন জর্জ বেস্ট, ব্রায়ান রবসন, এরিক কনটোনা, ডেভিড বেকহামের মতো তারকারা।
‘৭’ নম্বর জার্সিটার বিশেষত্ব সম্পর্কেও রোনালদোর কাছ থেকে অনেক কিছু শুনে নিয়েছেন ডি মারিয়া। এখন এটার মান রক্ষা করার আশাই করছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার, ‘আমি এই ‘৭’ নম্বর জার্সির গুরুত্ব সম্পর্কে জানি। আমি এই জার্সিটাই পরতে চেয়েছিলাম। আর এটা গায়ে দিয়ে রোনালদো ও অন্যরা যা করে গেছেন, তেমনটাই করতে চাই। আশা করছি, আমি এই জার্সির মান রক্ষা করতে পারব।’
ডি মারিয়া সত্যিই যেন তেমনটা করতে পারেন, সেটাই হয়তো মনেপ্রাণে চাইছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা। গত মৌসুমের মতো এবারও ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে রেড ডেভিলরা।— গোল ডটকম