রোনালদোকে ছুঁলেন মেসি মেসিকে রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ বছর পর রিয়ালের লা লিগা জয় উদ্‌যাপন করতে ছাদখোলা বাসে করে মাদ্রিদের সিবেলেস স্কয়ারে চলে গেলেন রোনালদোরা। সিবেলেস স্কয়ারের মূর্তিটার গায়ে রিয়ালের পতাকা জড়িয়ে বিজয়োচ্ছ্বাস মার্সেলো-রামোসের (ডানে) l রয়টার্স
পাঁচ বছর পর রিয়ালের লা লিগা জয় উদ্‌যাপন করতে ছাদখোলা বাসে করে মাদ্রিদের সিবেলেস স্কয়ারে চলে গেলেন রোনালদোরা। সিবেলেস স্কয়ারের মূর্তিটার গায়ে রিয়ালের পতাকা জড়িয়ে বিজয়োচ্ছ্বাস মার্সেলো-রামোসের (ডানে) l রয়টার্স

তাঁরা দুজন সময়ের দুই সেরা ফুটবলার। আবার স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে খেলেন বলে দুজন দুজনের প্রবল প্রতিপক্ষও! লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর তাই অবিরাম চেষ্টা থাকে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার। এই মৌসুমেও সেই চেষ্টার কমতি ছিল না তাঁদের। মৌসুম শেষে তাই একটা রেকর্ডে যেমন মেসি ছুঁয়েছেন এত দিন এগিয়ে থাকা রোনালদোকে, অন্য একটা রেকর্ডে রোনালদোও ছুঁয়েছেন মেসিকে।
এই মৌসুমে রোনালদোকে অনেক বিশ্রাম দিয়ে খেলিয়েছেন রিয়ালের কোচ জিনেদিন জিদান। ম্যাচ কম খেলেছেন বলে লা লিগায় মেসির চেয়ে গোলসংখ্যাও রোনালদোর বেশ কম। ৩৪ ম্যাচে ৩৭ গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জিতে নিয়েছেন মেসি। ২৯ ম্যাচে ২৫ গোল রোনালদোর। এত দিন দুজনেরই ৩টি করে পিচিচি ট্রফি ছিল, এবার চতুর্থ পিচিচি ট্রফি জিতে এগিয়ে গেলেন মেসি।
একই সঙ্গে ইউরোপের লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলের পুরস্কার ইউরোপিয়ান গোল্ডেন শুও এবার মেসির। এ লড়াইয়ে এবার তাঁর সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন স্পোর্টিং লিসবন স্ট্রাইকার বাস দস্ত। কিন্তু ডাচ স্ট্রাইকার দস্ত নিজের শেষ ম্যাচে চাভেসের বিপক্ষে হ্যাটট্রিক করেও ছুঁতে পারেননি মেসিকে। সব মিলিয়ে এবার পর্তুগিজ লিগে ৩১ ম্যাচে ৩৪ গোল তাঁর।
এ নিয়ে চতুর্থবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন মেসি। এই রেকর্ডেই মেসি ছুঁয়েছেন রোনালদোকে। সবচেয়ে বেশি ইউরোপিয়ান গোল্ডেন শু জেতার রেকর্ডটা এত দিন এককভাবে ছিল রোনালদোর। চারটি গোল্ডেন শুয়ের একটি রোনালদো জিতেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে, বাকি তিনটি রিয়ালের হয়ে। মেসি চারটিই জিতেছেন বার্সেলোনার হয়ে।
মালাগার বিপক্ষে পরশুর গোলটা দিয়েই অন্য একটা রেকর্ডে মেসিকে ছুঁয়েছেন রোনালদো। এ নিয়ে ২০০৯-১০ থেকে শুরু করে এ মৌসুম পর্যন্ত টানা আটবার লা লিগায় মৌসুমে কমপক্ষে ২৫ গোল হলো রোনালদোর। মেসি অবশ্য কিছুদিন আগেই গড়েছেন টানা ৮ মৌসুম লিগে অন্তত ২৫ গোল করার কীর্তি। মৌসুমের শেষ ম্যাচে সেখানে ভাগ বসালেন রোনালদো। গোলডটকম, অপ্টা।