রোনালদোকে ছোঁয়া হলো না লেভানডফস্কির
গত রাতে চ্যাম্পিয়নস লিগ জয়ের মাধ্যমে দল পরম আরাধ্য ট্রেবল জিতেছে। রবার্ট লেভানডফস্কিদের মনে এখন আনন্দের সুবাতাস বইছে। কিন্তু এই আনন্দের মধ্যে ‘লেভা’র মনে একটু হলেও কি খচখচ করছে না? একবারের জন্যও মনে হচ্ছে না, যে করোনাভাইরাস না আসলে হয়তো একটা রেকর্ডে নাম লেখাতে পারতেন এই তারকা?
লেভানডফস্কিরা যে মানের পেশাদার, তাদের দলগত সাফল্যের চেয়ে ব্যক্তিগত সাফল্য গুরুত্ব না পাওয়াই স্বাভাবিক। কিন্তু আসলেও, দোষ দেওয়া যায় না মোটেও। করোনাভাইরাস না এলে হয়তো স্বাভাবিক নিয়মেই চলত চ্যাম্পিয়নস লিগ। নকআউট পর্বে হয়তো দুই লেগ করে খেলা হতো। লেডানডফস্কিরা আরও দুটি ম্যাচ বেশি খেলার সুযোগ পেতেন। আর সেই দুই ম্যাচে খেলতে পারলে হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে থাকা একটা রেকর্ড নিজের করে নিতে পারতেন এই পোলিশ স্ট্রাইকার!
২০১৩-১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ১৭টি গোল করেছিলেন রোনালদো। ১১ ম্যাচে ১৫ গোল করেই থেমে যেতে হয়েছে লেভানডফস্কিকে।
চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ডটা রোনালদোর। ২০১৩-১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ১৭টি গোল করেছিলেন এই পর্তুগিজ তারকা। রেকর্ডটি এই মৌসুমে বেশ ভালোভাবেই ধাওয়া করছিলেন লেভানডফস্কি। সেমিফাইনাল পর্যন্ত ১৫ গোল করাও হয়ে গিয়েছিল তাঁর। ফাইনালে রোনালদোকে টপকাতে একটা হ্যাটট্রিক করলেই হতো, যে কাজটা ক্যারিয়ারের ৮৯ চ্যাম্পিয়নস লিগ ম্যাচের ১৩টাতেই করেছেন। কিন্তু গত রাতে দল জিতলেও হ্যাটট্রিক তো দূর, একটা গোলও করতে পারেননি লেভানডফস্কি। ফলে ১১ ম্যাচে ১৫ গোল করেই থেমে যেতে হয়েছে তাঁকে। অক্ষত থেকে গেছে রোনালদোর রেকর্ড।
করোনাভাইরাসের কারণে তাড়াতাড়ি চ্যাম্পিয়নস লিগ শেষ করে দেওয়ার তাগিদে নকআউট রাউন্ড গুলো দুই লেগ থেকে এক লেগে না নামিয়ে আনলে লেভানডফস্কি আরও দুটি ম্যাচ খেলতে পারতেন ন্যূনতম। সে দুই ম্যাচ খেলতে পারলে লেভানডফস্কি যে তিনটি গোল করতে পারতেন না, তার নিশ্চয়তা কোথায়?
এমনিতেও এবার ব্যালন ডি’অর দেওয়া হবে না, যে পুরস্কারের দৌড়ে লেভানডফস্কি এবার বেশ এগিয়ে ছিলেন। তার ওপর এবার চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও ধরা দিল না। চ্যাম্পিয়নস লিগের শিরোপা নিয়ে উদ্যাপন করার পর দিনের শেষে লেভানডফস্কি যখন নিজের দিকে তাকাবেন, একটু হলেও কী আক্ষেপ হবে না?