রোনালদোকে ছোঁয়া হলো লুকাকুর, আবার হলোও না

লুকাকুকে আটকাতে বেশ বেগ পেতে হয়েছে সেভিয়ারছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যাবত ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোর সঙ্গে অনেক স্ট্রাইকারেরই তুলনা দেওয়া হয়েছে।

গত দশকে যেমন ‘নতুন রোনালদো’ হিসেবে আখ্যা পেয়েছিলেন আরেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার আদ্রিয়ানো। গত কয়েক বছরে সেই আখ্যা দেওয়া হয়েছে দুই গ্যাব্রিয়েল—বারবোসা ও জেসুসকেও। তবে এখন ‘নতুন রোনালদো’ বলতে অনেকেই পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের নাম নেন। রোনালদো নিজেই স্বীকার করেছেন কয়েকদিন আগে, এমবাপ্পের খেলা দেখে তাঁর নিজের কথা মনে পড়ে যায়।

এ তুলনায় কোনোভাবেই বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকুর নাম আসে না। লুকাকুর খেলার ধরন রোনালদোর মতো, এটা লুকাকুর পাঁড় সমর্থকও দাবি করবেন না। তবে বাইশ বছর আগে রোনালদো যেমন ইন্টারের মূল আক্রমণ-ভরসা ছিলেন, বাইশ বছর পর সে দায়িত্বটা লুকাকু যে কৃতিত্বের সঙ্গে কাঁধে তুলে নিয়েছেন, এ কথায় অস্বীকার করার মানুষ পাওয়া যাবে সামান্যই। তবে সেই লুকাকুই কাল একটা রেকর্ডে নাম লিখিয়েছেন কিংবদন্তির পাশে। সেটি গোলের সংখ্যায়। তবে শিরোপার বিচারে রোনালদোকে ছোঁয়া হলো না লুকাকুর।

ম্যানচেস্টার ইউনাইটেডে তেমন ভালো সময় কাটেনি লুকাকুর। তবে ইন্টারের নতুন কোচ আন্তোনিও কন্তে জানতেন, কীভাবে লুকাকুর ভেতর থেকে সেরাটা বের করে আনা যায়। এর আগে জুভেন্টাস ও চেলসির কোচ যখন ছিলেন, লুকাকুকে চেয়েছিলেন কন্তে। পাননি। ইন্টারে সে ভুলটা হয়নি। ইউনাইটেড থেকে প্রথম সুযোগেই কিনে এনেছেন লুকাকুকে। বেলজিয়ান স্ট্রাইকারও আস্থার প্রতিদান দিয়েছেন দুর্দান্তভাবে।

সেভিয়ার বিপক্ষে কাল ইউরোপা লিগের ফাইনাল খেলতে নামার আগে ইন্টারের জার্সিতে এবার অভিষেক মৌসুমে লুকাকুর গোল ছিল ৩৩টি। ইন্টারের হয়ে নিজের অভিষেক মৌসুমে (১৯৯৭-৯৮) ৩৪ গোল করা ব্রাজিলিয়ান রোনালদো সেবার মৌসুমের শেষ গোলটা করেছিলেন উয়েফা কাপের (বর্তমান ইউরোপা লিগ) ফাইনালে, লাৎসিওর বিপক্ষে। বাইশ বছর পর আবারও আরেক ইউরোপা লিগের ফাইনালে উঠেছে ইন্টার। লুকাকুর সামনে সুযোগ ছিল, পূর্বসূরির মতো ইউরোপার ফাইনালেই মৌসুমের ৩৪তম গোল করার সুযোগ।

লুকাকুর পায়ে লেগে বল জড়িয়ে যাচ্ছে ইন্টারের জালে
ছবি: এএফপি

সে লক্ষ্যে তিনি সফল। ম্যাচের আট মিনিটেই সেভিয়ার ডিফেন্ডার ডিয়েগো কার্লোসকে গতিতে-শক্তিতে পরাস্ত করে বক্সে ঢুকে পড়েন লুকাকু, ঠেকাতে না পেরে তাঁকে ফাউলই করে বসেন কার্লোস। কিন্তু ফাউলটা হয় বক্সের ভেতর। পেনাল্টি! যা থেকে গোল করে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি অভিষেক মৌসুমে নিজের ৩৪তম গোলটা করেন লুকাকু। ঠিক রোনালদোর মতো।

কিন্তু এক দিক দিয়ে অবশ্যই রোনালদোকে স্পর্শ করা হয়নি এই বেলজিয়ান তারকার। আর সে হতাশাই হয়তো ম্যাচ শেষে তাঁর ৩৪ গোল করার আনন্দকে ছাপিয়ে যাবে। সেবার গোল করে দলকে জেতাতে ভূমিকা রেখেছিলেন রোনালদো। নিজের প্রথম মৌসুমেই ইন্টারের হয়ে জিতেছিলেন উয়েফা কাপ। লুকাকুর সে সৌভাগ্য হয়নি। ৩-২ গোলে ম্যাচটা জিতে সেভিয়াই নিয়ে গেছে ইউরোপার শিরোপা।

এতটুকু হলেও হয়তো লুকাকুর কষ্ট এত বেশি হতো। দুর্ভাগ্যবশত যে জয়সূচক গোলের কল্যাণে সেভিয়া শিরোপা জিতেছে, সেটাও লুকাকুর পা থেকেই এসেছে। বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল ঢুকিয়ে দিয়েছেন লুকাকু!