রোনালদোকে নয়্যারের খোঁচা

এ বছরের ব্যালন ডি’অরের খুব শক্তিশালী প্রার্থী জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। কিন্তু পুরস্কারটি তিনি পাবেন কি পাবেন না, এ নিয়ে তাঁর নিজের মধ্যেই আছে ঘোর সংশয়। নিজের সম্পর্কে তাঁর মূল্যায়ন, ‘আমার তো অন্যদের মতো “গ্ল্যামার” নেই।’
নয়্যারের এই মন্তব্যে কেমন যেন একটা অভিমানের সুর। অভিমানটাকে রীতিমতো ক্ষোভে পরিণত করে তাঁর পরবর্তী মন্তব্য, ‘আমি ওই খেলোয়াড়দের মতো নই, যাঁরা অন্তর্বাস পড়ে ছবির পোজ দেয়।’
কার কথা বলছেন বিশ্বকাপজয়ী জার্মান গোলরক্ষক। বুঝে নিতে অসুবিধা হওয়ার কথা নয় কারোরই। ক্রিস্টিয়ানো রোনালদোর দিকেই যে তিনি তাঁর তিরটি ছুঁড়েছেন, এ কথা বুঝে ওঠার জন্য খুব বড় ফুটবল-বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না।
গোলরক্ষক হওয়ার জন্যই যে তাঁর ব্যালন ডি’অর পাওয়ার সম্ভাবনা কম, সেটা অকপটেই জানিয়েছেন তিনি, ‘আমি গোলরক্ষক। স্বভাবতই গোলরক্ষকদের প্রতি মনোযোগটা অনেক কম থাকে। সবচেয়ে বড় কথা, আমি কেবলই একজন ক্রীড়াবিদ। কোনো ব্র্যান্ডের অ্যাম্বাসেডরও নই। আমি কেবল খেলেই যাই। ব্যালন ডি’অর পেতে হলে নামের ওজনটাও বেশি হতে হয়। আমার নামের ওজন বেশি নয়।’
কিকার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ব্যালন ডি’অরের সঙ্গে অন্তর্বাস পরে ছবি তোলার একটা যোগসূত্র খুঁজতে চেয়েছেন। একই সঙ্গে জানিয়েছেন, এবারের পুরস্কারটি ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে দেখা যাওয়ার সম্ভাবনাই প্রবল, ‘রোনালদো এই মুহূর্তে ফুটবল বিশ্বের মহাতারকা। ব্যালন ডি’অর পেতে তার তারকাখ্যাতি একটা বড় ভূমিকা রাখবে।’
ব্যাপারটা নিয়ে কি ঈর্ষাকাতর নয়্যার? তিনি অবশ্য অস্বীকারই করেছেন। বলেছেন, খেলোয়াড় হিসেবে তিনি কেবল খেলেই যেতে চান। পারফরম্যান্সে নিজেকে ছাড়িয়ে যেতে চান বহু দূর, ‘আমি লাল-গালিচা সংবর্ধনা চাই না। মাঠের সবুজ গালিচাটাই আমার কাছে বেশি প্রিয়। আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা ফুটবলের বাণিজ্যিক অনুষঙ্গ হিসেবে নিজেকে তৈরি করতে চাই না। হতে চাই নিখাদ এক ফুটবলার, যাকে ভবিষ্যতে মানুষ মনে রাখবে কেবল পারফরম্যান্সের কারণেই।’ সূত্র: মার্কা।