রোনালদোকে নিয়ে ক্যাসিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো দুয়ো, কখনো প্রশংসা। কিছুদিন ধরে এই চলছে ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লিগে সর্বশেষ ম্যাচের আগে সব ধরনের প্রতিযোগিতায় টানা পাঁচ ম্যাচে একটি মাত্র জয় ছিল রিয়াল মাদ্রিদের। দলের বাজে পারফরম্যান্সের দায় দিয়ে সমর্থকেরা দুয়ো দিয়েছেন রোনালদোকে। সেই রোনালদোই সোসিয়েদাদের বিপক্ষে একটা গোল করেছেন, দল জিতেছে ৩-০ গোলে। এবার সেই দুয়ো হয়ে গেল প্রশংসার স্লোগান! তাঁকে ঘিরে সমর্থকদের এই আকাশচুম্বী প্রত্যাশাকে মাঝেমধ্যে পাগলামি মনে হয় সাবেক রিয়াল অধিনায়ক ইকার ক্যাসিয়াসের কাছে।
এখন পোর্তোতে খেললেও ক্যারিয়ারের প্রায় পুরো সময়টাই রিয়ালে কাটিয়েছেন ক্যাসিয়াস। সমর্থকদের সব রকম আচরণই দেখেছেন স্প্যানিশ এই গোলরক্ষক। দুর্দান্ত সেভ করে ‘সন্ত ইকার’ যেমন হয়েছেন, তেমনি তাঁকেও ও দুয়ো শুনতে হয়েছে কত সময়! তারপরও রোনালদোকে ঘিরে সমর্থকদের এই আচরণটা বাড়াবাড়ি মনে হয় ক্যাসিয়াসের কাছে, ‘আমি জানি, এই পর্যায়ে এসে এ রকম হতেই পারে। তারপরও একজন মাদ্রিদিস্তা হয়ে মাঝে মাঝে এর কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। এই তো কিছুদিন আগে সে বিশ্বসেরা খেলোয়াড়ের ট্রফি জিতেছে। তারপর আবার দুয়ো শুনছে। আবার সে যদি একটি-দুটি গোল করে, সব অন্য রকম হয়ে যাবে। এ এক পাগলামি।’
এ রকম মহাতারকা হলে এটাই হয়তো স্বাভাবিক হয়ে যায়। কিন্তু তারপরও কি ব্যাপারটা রোনালদোর জন্য কখনো কখনো পীড়াদায়ক হয়ে যায় না? পর্তুগিজ উইঙ্গারের হয়ে উত্তর দিলেন তাঁর ক্লাব সতীর্থ কেইলর নাভাস, ‘এমন না যে সে ওসব দুয়ো-টুয়ো পাত্তা দেয় না। সে কষ্ট পায়। আবার একই সঙ্গে এটাও বুঝতে পারে, এই সমর্থকেরা তাকে ভালোবাসে প্রচণ্ড। ও সব সময় পারফরম্যান্স দিয়েই সেই ভালোবাসার প্রতিদান দিতে চায়।’ গোলডটকম।