রোনালদোকে পুত্রের খোঁচা, 'বেল বেশি দ্রুত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুত্রকে নিয়ে ছুটি কাটাচ্ছেন রোনালদো। সংগৃহীত ছবি।
পুত্রকে নিয়ে ছুটি কাটাচ্ছেন রোনালদো। সংগৃহীত ছবি।

মাত্রই গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোল করেই গ্যালারিতে বসে থাকা ছেলের দিকে তাকালেন সিআর-সেভেন। বাবা হ্যাটট্রিক করেছেন, ছেলের তো উল্লাসে ফেটে পড়ার কথা। কিন্তু সবাইকে অবাক করে দিল ক্রিস্টিয়ানো জুনিয়র। খেলার দিকে কোনো নজরই নেই, বরং খুব বিরক্তির ভাব করে হাতে থাকা মোবাইলে মনোযোগ দিল।

গত মার্চে রিয়াল মাদ্রিদ-সেল্টা ভিগো ম্যাচের ওই ঘটনায় অবাক হয়েছিলেন অনেকে। তবে রোনালদো নিজেই জানাচ্ছেন ছেলের এমন আচরণ তাঁকে অবাক করে না। বাবাকে খোঁচা দিয়েই যে মজা পায় ছেলে! আর রোনালদো নিজেও খুব মজা পান এসবে। বাবাকে খোঁচা দিতে ‘পুঁচকে রোনালদো’ দারুণ একটা উপায়ও বেছে নিয়েছে—গ্যারেথ বেল! স্প্যানিশ এক টিভির অনুষ্ঠানে বাপ-বেটার খুনসুটির কথা জানালেন রোনালদো, ‘মাঝে মাঝে সে বাসায় এসে বলে, বাবা, “বেল তো তোমার চেয়ে দ্রুত!” তখন আমি বলি, “কী বল? তোমার বাবার চেয়ে কেউ দ্রুত না।” কিন্তু সে হাল ছাড়ে না, “স্কুলে তো সবাই বলে বেলই দ্রুত।” সে এ রকম নানা কিছু বলে, আমি খুব মজা পাই।’

ক্লাবে বাবার মূল প্রতিদ্বন্দ্বীকে নিয়ে খোঁচা দিলেও বাবার প্রশংসা করতে গিয়ে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বীকেই টেনে আনে জুনিয়র, ‘কোনো এক সাক্ষাৎকারে মেসি নাকি বলেছে, তোমার ডান পা পেতে চান তিনি!’ খোঁচা দিয়ে পরে বাবাকে পটানোর উপায়ও তাহলে জানা আছে ছেলের। ক্রিস্টিয়ানো জুনিয়রের বুদ্ধির তারিফ করতেই হচ্ছে।