
হাতের কাছে ‘ইথান হান্টে’র মতো কেউ থাকলে হয়তো একটু আশার আলো দেখতেন হোসে মরিনহো। রুপালি পর্দার সেই দুর্ধর্ষ গুপ্তচরের মতো যিনি আপাত-অসম্ভব সব কাজ নিমেষেই করে ফেলবেন। কিন্তু এমন একজনকে ম্যানচেস্টার ইউনাইটেড কোচের কেন হঠাৎ দরকার পড়েছে? মরিনহোরও যে একটা কাজকে মনে হচ্ছে ‘মিশন ইমপসিবল’—ক্রিস্টিয়ানো রোনালদোকে আবার ইউনাইটেডে ফেরানো!
রোনালদো রিয়াল মাদ্রিদে যাওয়ার পর থেকে অনেকবারই ইউনাইটেডে তাঁর ‘স্বপ্নের প্রত্যাবর্তনের’ গুঞ্জন উঠেছিল। এবারও উঠেছে। গুঞ্জনটা এবার একটু বেশিই বাজার পাওয়ার কারণ, ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগে রিয়াল ফরোয়ার্ডের বিরুদ্ধে মামলা করেছে স্পেনের কর কর্তৃপক্ষ, যেটিতে বিরক্ত হয়ে রোনালদো রিয়াল ও স্পেন ছাড়তে পারেন বলে ছড়িয়ে পড়ে। রিয়াল ছাড়লে পুরোনো ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডেই ফিরে যাবেন বলেও শোনা যায়।
এতেই যদি কোনো ইউনাইটেড-ভক্ত রোনালদোকে আবার রেড ডেভিলদের জার্সিতে দেখার আশা করে থাকেন, তাঁর আশার গুড়ে বালি পড়বে মরিনহোর কথায়। গত বছরই রিয়ালের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করা রোনালদোকে ফেরানো যে ইউনাইটেড কোচের চোখে ‘অসম্ভব’! রিয়ালে থাকার সময় রোনালদোর সঙ্গে তাঁর সম্পর্কটা শেষ দিকে যেমন তিক্ত হয়ে পড়েছিল, তাতে মরিনহো নিজেই এই দলবদলে খুব একটা রাজি ছিলেন কি না, তা একটা প্রশ্ন। তবে পর্তুগিজ কোচ এখানে বড় করে দেখাচ্ছেন রিয়ালে রোনালদোর গুরুত্ব আর রিয়ালের আর্থিক শক্তিকেই।
‘আমরা কখনোই এটির (রোনালদোকে ফেরানো) কথা ভাবিনি, কারণ ও তার ক্লাবে অনেক গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। যে ক্লাবটা আবার আর্থিকভাবে অনেক শক্তিশালী। রোনালদো (রিয়াল) ছাড়তে পারে, এমন ভাবার কোনো কারণই আমরা খুঁজে পাইনি। আর “মিশন ইমপসিবল”—এমন কোনো খেলোয়াড়ের পেছনে সময় নষ্ট করতে রাজি নই আমি’—যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে এলএ গ্যালাক্সির বিপক্ষে ৫-২ গোলে জয়ের পর বলেছেন ইউনাইটেড কোচ।
রিয়ালের আর্থিক শক্তির দাপট এই দলবদল মৌসুমেই ভালোভাবে টের পেয়েছেন মরিনহো। দৃশ্যত রিয়ালের ‘দ্বিতীয় পছন্দের’ স্ট্রাইকার আলভারো মোরাতার জন্য ৮০ মিলিয়ন পাউন্ড প্রস্তাব করেও আনতে পারেননি তাঁকে! তা না পেয়েই এভারটন থেকে ৭৫ মিলিয়ন পাউন্ডে নিয়ে এসেছেন রোমেলু লুকাকুকে। মোরাতাকে না পাওয়ার আক্ষেপ অবশ্য এখনো একটু আছে পর্তুগিজ কোচের। চেলসিতে প্রথমবার যোগ দেওয়ার পর নিজেকে ‘স্পেশাল ওয়ান’ দাবি করার পর সেটিই হয়ে গেছে মরিনহোর অন্য নাম। মোরাতাকে নিয়ে বলতে গিয়েও ‘সামওয়ান স্পেশাল’ কথাটা ব্যবহার করলেন মরিনহো। তাঁর মুখে ‘স্পেশাল’ শব্দটা উচ্চারিত হওয়াতেই সেটি হয়ে গেছে আরও বেশি তাৎপর্যময়, ‘(রিয়াল মাদ্রিদে থাকার সময়) আমার অধীনেই ও মূল দলে সুযোগ পেয়েছে। ওকে অনেক পছন্দও করি, ও বিশেষ একজন। তবে মনে হয় না, ও এখানে আসবে। প্রশ্নটা অবশ্য ফ্লোরেন্তিনো পেরেজকে (রিয়াল মাদ্রিদ সভাপতি) করতে পারেন। মাদ্রিদ (ট্রান্সফার ফির ব্যাপারে) একটা সিদ্ধান্ত নিয়েছে, আর সেটিতে আমরা রাজি হতে পারিনি।’ এএফপি, গোলডটকম।