রোনালদোকে রিয়ালের বরমাল্য

ছেলে রোনালদো জুনিয়রকে নিয়ে এসেছিলেন মা দলোরেস। সতীর্থরা প্রায় সবাই ছিলেন, কোচ রাফায়েল বেনিতেজ, ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজসহ ছিলেন আরও অনেকে। রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন তাঁর, ক্রিস্টিয়ানো রোনালদো তো ক্লাবের কাছ থেকে একটা সংবর্ধনা পেতেই পারেন।
স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠতে পারে, সংবর্ধনা এখনই কেন? রোনালদো তো রাউলের ৩২৩ গোলের রেকর্ড ছুঁয়েছেন, পেরিয়ে যাওয়ার জন্য আরও একটা গোল তো করতে হবে। রিয়ালের হিসাবে অবশ্য রোনালদোর গোল ৩২৪। ২০১০ সালে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে রোনালদোর একটা শট পেপের গায়ে লেগে ঢুকে যায় জালে। লা লিগা কর্তৃপক্ষ গোলটা লিখেছে পেপের পাশেই, তবে রিয়াল ও দৈনিক মার্কার দাবি গোলটা রোনালদোরই। পেপে নিজে থেকেই অবশ্য বলেছিলেন, গোলটা রোনালদোরই হওয়া উচিত।
ছয় বছর আগে যখন মাদ্রিদে পা রেখেছিলেন, কে ভেবেছিল সব রেকর্ড রোনালদোর পায়ে লুটিয়ে পড়বে? সিআর-৭ নিজেই তো ভাবেননি, ‘প্রথম যখন ক্লাবে এসেছিলাম কখনোই ভাবিনি একদিন আমি সর্বোচ্চ গোলদাতা হয়ে যাব। রাউল ও প্রয়াত ডি স্টেফানোকে ছাড়িয়ে যাব সেটাও ভাবিনি।’ এসব অনুষ্ঠানে সচরাচর যে রকম বলা হয়, রোনালদোও তেমনই বললেন, ‘আমি খুবই খুশি। প্রথমেই আমি আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই, ওদের ছাড়া এই রেকর্ড সম্ভব হতো না। আমি আমার সব কোচকে; পেলেগ্রিনি, মরিনহো, কার্লো (আনচেলত্তি) ও বেনিতেজকেও ধন্যবাদ জানাচ্ছি।’ ক্লাব ও নিজের পরিবারের কথাও উল্লেখ করেছেন আলাদা করে। শেষে যোগ করেছেন, ‘কারও কথা ভুলে গেলে ক্ষমা করে দেবেন, এ মুহূর্তে আসলে খেই হারিয়ে ফেলেছি।’
স্প্যানিশ প্রচারমাধ্যমের সঙ্গে জমাটবাঁধা বরফটাও বোধ হয় গলতে শুরু করেছে। গত ফেব্রুয়ারির পর থেকে তাদের এড়িয়ে চলেছেন রোনালদো। মুখ খুলেছেন চ্যাম্পিয়নস লিগে মালমোর সঙ্গে গোলের পর। এটি নিয়ে কাল কিছুটা অনুতাপও যেন করলেন, ‘আমি প্রচারমাধ্যমকে ধন্যবাদ দিচ্ছি, যদিও ওদের সঙ্গে অমন আচরণ করাটা একটু কাঁচা কাজই হয়েছে।’ মেইল অনলাইন।